বিএসপিএ’র ভলিবল রিপোর্টিং বিষয়ক ওয়ার্কশপ

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৭:৪৬ পিএম

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ব্যবস্থাপনায় ‘ব্লেজার বিডি-বিএসপিএ ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে রোববার। এবারের ওয়ার্কশপের বিষয়বস্তু ছিল ভলিবল রিপোর্টিং। যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক।

এই ওয়ার্কশপের মধ্য দিয়ে উপস্থিত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া লেখকেরা ভলিবল খেলার নিয়মকানুন সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন, যা তাদের পেশাগত উৎকর্ষ সাধনে অগ্রণী ভূমিকা রাখবে। বিএসপিএ ২০১৭ সাল থেকে বিভিন্ন খেলার রিপোর্টিংয়ের ওপর ওয়ার্কশপ আয়োজন করে আসছে। 

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এদিন ওয়ার্কশপের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্লেজার বিডি’র কর্ণধার এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। বিএসপিএ’র সিনিয়র সহসভাপতি পরাগ আরমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ’র সঞ্চালনায় এবারের ওয়ার্কশপটি পরিচালনা করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারিজ কমিটির চেয়ারম্যান মনিরুল হক এবং বাংলাদেশ জাতীয় ভলিবল দলের কোচ গোলাম রসুল মেহেদী।

এ সময় ভলিবলের নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন বিএসপিএ’র সিনিয়র সদস্য এবং ভলিবল ফেডারেশনের সদস্য মোস্তফা কামাল। ওয়ার্কশপের সমাপ্তি টানেন বিএসপিএ’র সাবেক সভাপতি মো. হাসান উল্লাহ খান রানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত