শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ব্যাটে রানের পাহাড় গড়েছিল ভারত। তবে সেই পাহাড় তাড়ায় ওসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব ও অ্যাস্টন টার্নারের ব্যাটে দারুণ ভাবে এগিয়েছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত তুলে নিয়েছে রেকর্ড গড়া জয়। হ্যান্ডসকম্বের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির কাছে বৃথা গেছে ধাওয়ানের ১৬তম সেঞ্চুরি।
রোববার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে ৪ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৫৮ রান করে ভারত। জবাবে ১৩ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৩৫৯ রান তাড়া করে এই জয় অস্ট্রেলিয়ার নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়।
আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা কোহলি এদিন মাত্র ৭ রানে ফিরেছিলেন। তবে ভারত ঠিকই স্কোর বোর্ডে যোগ করে বিশাল রান। কিন্তু ম্যাচ শেষে কোহলি আর জয়ীর হাসি হাসতে পারলেন না। তাকে ও তার দলকে চূড়ান্ত হতাশা উপহার দিল অজিরা।
আগে ব্যাট করে ভারত রোহিত ও ধাওয়ানের ব্যাটে উদ্বোধনী জুটিতে যোগ করে ১৯৩ রান। রোহিত ৯৫ রান করে ফেরেন। তবে ১৬তম সেঞ্চুরি তুলে নেওয়া ধাওয়ান থেমেছেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলে। তার ১১৫ বলের ইনিংসে ছিল ১৮ চার ও ৩ ছক্কা।
অস্ট্রেলিয়া মাত্র ১২ রানে ২ উইকেট হারায়। তবে ওসমান খাজা ও হ্যান্ডসকম্ব তৃতীয় উইকেট যোগ করেন ১৯২ রান। তাতেই লড়াইয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। খাজা ৯৯ বলে ৭ চারে ৯১ রান করেন। হ্যান্ডসকম্ব ১০৫ বলে ৮ চার ও ৩ ছক্কায় করেন ১১৭ রান।
তবে অজিদের জয়ে বড় অবদান টার্নারের ৪৩ বলে করা অপরাজিত ৮৪ রানের ইনিংসের। ৬ ছক্কা ও ৫ চারে নিজের ইনিংস সাজান তিনি।
অস্ট্রেলিয়ার এই জয়ে সিরিজে এখন ২-২ সমতা। বুধবার দিল্লিতে পঞ্চম ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল। সিরিজের প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে নেয় ৮ রানে। এরপর তৃতীয় ওয়ানডে অস্ট্রেলিয়া জিতে ৩২ রানে।
