একটি সমন্বিত পদ্ধতির মাধ্যমে সামান্য কিছু তথ্যের ভিত্তিতে পোর্টাল ব্যবহারকারীকে শনাক্ত করতে হবে। এতে বিনিয়োগকারীদের পাশাপাশি বিডা, বেজা, বেপজা ও বিএইচটিপিএ এই চার সংস্থাও সুবিধা ও সহযোগিতা পাবে।
ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বিনিয়োগকারীদের জন্য আরও সহজ কার্যক্রম গ্রহণের লক্ষ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।
গতকাল রবিবার বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির (বিএইচটিপিএ) প্রতিনিধিরা। এ সময় যে কোনো এক সংস্থার ওএসএস পোর্টাল দিয়ে প্রবেশের পর বিনিয়োগকারী যাতে পছন্দের সংস্থার ওএসএস ব্যবহার করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।
বিডা, বেজা, বেপজা, হাইটেক পার্কের ওএসএস পোর্টাল ভিন্ন। তাই বিনিয়োগকারীরা এই পোর্টালগুলোতে যেন তাদের সুবিধামতো একসঙ্গে প্রবেশ নিশ্চিত করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়। সভায় প্রতিটা পোর্টালে বাকি তিন সংস্থার পোর্টালের লিংক-আপ করার কথা বলা হয়। বিডা, বেজা, বেপজা ও হাইটেক পার্ক থেকে ফোকাল পয়েন্ট নির্বাচন ও প্রতি মাসে ওএসএস সংক্রান্ত সভা করারও আহ্বান জানান বিডা চেয়ারম্যান।
