সৌদিতে শাখা খুলবে সোনালী এক্সিম এসআইবিএল

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:৩৪ এএম

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ছাড়াও বেসরকারি খাতের এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সৌদি আরবে শাখা খোলার প্রস্তুতি নিচ্ছে।জানা গেছে, সৌদি আরবে শাখা খোলার জন্য কোনো ব্যাংক আগ্রহী কি না সে বিষয়ে ২০১৬ সালের জুলাই মাসে ব্যাংকগুলোর মতামত জানতে চায় বাংলাদেশ ব্যাংক। তখন স্ট্যান্ডার্ড ব্যাংক জেদ্দায় ও এসআইবিএল মক্কায় শাখা খোলার আগ্রহ প্রকাশ করলে ওই বছরের ৫ অক্টোবর তা অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। আর জনতা ব্যাংক সৌদি আরবের মদিনায় শাখা খুলতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয় ২০১৭ সালের ৩ জানুয়ারি।

২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক এ কে এম আমজাত হোসেন অর্থ মন্ত্রণালয়ে লেখা এক চিঠিতে বলেন, সৌদিতে শাখা স্থাপনে এসআইবিএল দ্য সৌদি অ্যারাবিয়ান মনিটরি অথরিটির (সামা) লাইসেন্স পাওয়ার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে। তবে জনতা ও স্ট্যান্ডার্ড ব্যাংক এখন আর সৌদিতে শাখা খুলতে আগ্রহী নয়। তবে সোনালী ব্যাংক মদিনা বা জেদ্দায় শাখা খুলতে নতুন করে আগ্রহ প্রকাশ করেছে। গত বছর ১৮ অক্টোবর সোনালী ব্যাংককে রিয়াদে শাখা খোলার নীতিগত অনুমোদন আর গত ১৮ ফেব্রুয়ারি এক্সিম ব্যাংককে সৌদিতে শাখা খোলার অনুমোদন দেওয়া হয়েছে।

সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কাজ করছেন। দেশটি থেকে বাংলাদেশের রেমিট্যান্স সংগ্রহ করতে এসব ব্যাংক কাজ করবে। সম্প্রতি সৌদি আরব বাংলাদেশের সার, বিদ্যুৎ, সিমেন্টসহ বিভিন্নখাতে বিনিয়োগের জন্য চুক্তি করেছে। দুই দেশই আশা করছে, আগামীতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে। সেখানে শাখা হলে দেশটির সঙ্গে ব্যাংকিং লেনদেন সহজতর হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত