শ্বাধীন দেশের প্রথম ক্রিকেট কোচ

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০২:০৬ এএম

পাকিস্তান দলের সেই স্কোরকার্ডের দিকে তাকালেই উজ্জ্বল নামগুলো দেখতে পাবেন। অধিনায়ক ছিলেন হানিফ মোহাম্মদ। দলে খেলতেন আসিফ ইকবাল, মাজিদ খান ও ইন্তিখাব আলমের মতো তারকা ক্রিকেটাররা। ১৯৬৫ সালে রাওয়ালপিন্ডি টেস্টে সেই পাকিস্তান দলটাই ৬৪ রানে হারিয়েছিল জন রিডের নিউজিল্যান্ডকে। ১৫ সদস্যের সেই টেস্ট দলের একজন ছিলেন আলতাফ হোসেন। যদিও মূল একাদশে তাকে নেওয়া হয়নি। তাতে আলতাফ হোসেনের ক্রিকেট প্রতিভাকে খাটো করে দেখার কোনো কারণ নেই। তৎকালীন পূর্ব পাকিস্তানের সেরা প্রতিভা ছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশের প্রথম কোচ হিসেবে ক্রিকেটে তার অবদানকে এখনো সবাই শ্রদ্ধাভরে স্মরণ করে। ১৯৯০ সালের এশিয়া কাপ দলের হেড কোচ ছিলেন। মূলত তাকে বলা হতো স্বাধীন বাংলাদেশের একমাত্র ক্রিকেটগুরু। একা হাতে যুদ্ধবিধ্বস্ত দেশে ক্রিকেটকে দাঁড় করিয়েছিলেন। দেশের নারী ক্রিকেটের প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। নিজে খুব বেশি ক্রিকেট খেলেননি। বলা ভালো খেলতে পারেননি। কারণ একটাই, পাকিস্তান আমলে তিনি বাঙালি হওয়ায় জাতীয় দলে তেমন একটা খেলার সুযোগ পাননি। আর স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে খেলার পরিকাঠামো ছিল না। তাই তো জীবনের সোনালি সময় পার করেছেন মোহামেডান স্পোর্টিং, ঢাকা ওয়ান্ডারার্স, পিডব্লিউডি, ইস্ট পাকিস্তান জিমখানা এবং শান্তিনগর ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত