জাতীয় পর্যায়ে ‘গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক ও বর্তমান দুই মন্ত্রীসহ ১২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে এবারের রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিতে যাচ্ছে সরকার। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে ২০১৯ সালের ‘স্বাধীনতা পুরস্কারের’ জন্য চূড়ান্ত মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে, যাদের মধ্যে শিল্পী মুর্তজা বশীর ও সাহিত্যিক হাসান আজিজুল হক রয়েছেন। এর মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য
সাতজন ছাড়া বাকি সব ক্ষেত্রে একটি করে পুরস্কার রয়েছে।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মনোনীতরা হলেনÑ শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদ এ টি এম জাফর আলম, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডা. কাজী মিসবাহুন নাহার, মরহুম আবদুল খালেক এবং মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ।
এছাড়া চিকিৎসাবিদ্যায় ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম, সমাজসেবা/জনসেবায় অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সংস্কৃতিতে মুর্তজা বশীর, সাহিত্যে হাসান আজিজুল হক, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক হাসিনা খান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ
পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটকে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে।
আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীতদের হাতে সম্মাননা তুলে দেবেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারজয়ী প্রত্যেকে পেয়েছেন ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, ৩ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।
