মানবতাবিরোধী অপরাধ

ময়মনসিংহের পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০৫:২১ এএম

একাত্তরে ময়মনসিংহের ধোবাউড়ায় গণহত্যা, ধর্ষণ, অপহরণ ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের এক মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল রবিবার সংস্থার ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এটি সংস্থার ৬৮তম তদন্ত প্রতিবেদন। আসামিদের মধ্যে গ্রেপ্তার তিনজন হলেন বালিগাঁও গ্রামের মো. কিতাবআলী (৮৫), মো. জনাব আলী (৬৮) ও মো. আব্দুল কুদ্দুস (৬২)। অন্য দুই আসামি পলাতক থাকায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।  

সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান জানান, পাঁচজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহ জেলার সাবেক হালুয়াঘাট থানার (বতর্মানে ধোবাউড়া) ঘোষগাঁও ইউনিয়নের বালিগাঁও গ্রাম ও নেত্রকোনা মহকুমার সাবেক দুর্গাপুর থানার (ধোবাউড়া) তাড়াইকান্দি গ্রাম এলাকায় এক নারীকে ধর্ষণের পর হত্যা, ৪৫ জনকে গণহত্যা, ৭ জনকে অপহরণ, আটক ও নির্যাতন এবং একজনকে দেশান্তরিত হতে বাধ্য করার মতো অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে। একাত্তরে ৩০ মে ও ৯ সেপ্টেম্বর আসামিরা এসব অপরাধ সংঘটন করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আবদুল হান্নান জানান, মুক্তিযুদ্ধের সময় আসামিরা জামায়াত ও মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হন। তিনি আরও জানান, ২০১৭ সালের ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গত ৭ মার্চ তদন্ত শেষ হয়। তাদের বিরুদ্ধে ২৫ জনকে সাক্ষী করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক খান ও মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত