সুনামগঞ্জের ৬ ক্লিনিক আজ উদ্বোধন করবেন হাসিনা-মোদি

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০৫:৩২ এএম

সুনামগঞ্জে ভারত সরকারের অর্থায়নে ছয়টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন হচ্ছে আজ সোমবার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লিনিকগুলো উদ্বোধন করবেন। সুনামগঞ্জ ছাড়াও দেশের ছয়টি জেলার ৩৬টি ক্লিনিক একসঙ্গে উদ্বোধন করা হবে। বাংলাদেশ-ভারত সড়ক, স্বাস্থ্য ও শিক্ষা প্রকল্পের অধীনে ক্লিনিকগুলো নির্মিত হয়েছে। আজ বেলা ১১টা ৪০ মিনিটে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্লিনিক উদ্বোধন উপলক্ষে

 অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুড়েরপাড়, আহসানপুর, গোবিন্দপুর, দোয়ারাবাজার উপজেলার ডালিয়া গ্রাম, ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা ও ছাতক উপজেলার চেচানবাজার এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর নির্মাণকাজ শেষ হয়েছে। প্রতিটি ক্লিনিক নির্মাণে ব্যয় হয়েছে ২২ লাখ টাকা। একতলা ক্লিনিকগুলোতে দুটি কক্ষ, একটি স্টোর রুম, একটি টয়লেট ও একটি বারান্দা রয়েছে। প্রকল্পটি স্থানীয়ভাবে বাস্তবায়ন করেছে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এইচইডি)।

এইচইডির সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী মাহফুজুল আলম বলেন, ‘ছয়টি ক্লিনিকের কাজ সম্পন্ন হয়েছে। এগুলো উদ্বোধনের পরই লোকবল নিয়োগ দেওয়া হবে।’ সিভিল সার্জন আশুতোষ দাস বলেন, ‘ভারত সরকারের অর্থায়নে নির্মিত ক্লিনিকগুলো থেকে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবে। স্থানীয় মানুষজন কিছুটা হলেও উপকৃত হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত