পলাতক মোল্লা ওমর মার্কিন ঘাঁটির পাশেই থাকতেন

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১০:২৪ এএম

আফগান তালেবানের প্রয়াত শীর্ষ নেতা মোল্লা মোহাম্মদ ওমর পলাতক অবস্থায় মার্কিন সেনা ঘাঁটির পাশেই থাকতেন। ‘দ্য সিক্রেট লাইফ অব মোল্লা ওমর’ নামে লেখা নতুন একটি বইয়ে এমনটিই দাবি করেছেন দীর্ঘ দিন আফগানিস্তানে বাস করা ডাচ নারী সাংবাদিক বেতে ডাম।

মোল্লা ওমর পাকিস্তানে লুকিয়ে ছিলেন- যুক্তরাষ্ট্রের বিশ্বাস সবসময় এমনটা থাকলেও বইটিতে বলা হয়েছে অন্য কথা। তালেবান শীর্ষ নেতা নাকি থাকতেন নিজ প্রদেশ জাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘ফরোয়ার্ড অপারেটিং বেইজ’ ক্যাম্প থেকে মাত্র তিন কিলোমিটার দূরে।

বইটি লেখার জন্য ডাম পাঁচ বছর আফগানস্তানে থেকে অনেক তালেবান যোদ্ধার সাক্ষাৎকার নিয়েছেন। মোল্লা ওমরের দীর্ঘ দিনের দেহরক্ষী জাব্বার ওমারির সঙ্গেও কথা বলার সুযোগ হয়েছে তার। যক্ষা রোগে ২০১৩ সালে তালেবানের শীর্ষ নেতা মারা যাওয়ার আগ পর্যন্তই তাকে লুকিয়ে রাখার দায়িত্বে ছিলেন ওমারি।

নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলার পর এক কোটি ডলারে মোল্লা ওমরের মাথার দাম ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তার হদিস পায়নি তারা।

কিন্তু তালেবান এই নেতা মার্কিন ঘাটির খুব কাছেই গোপন রুমে লুকিয়ে থাকতেন বলে বইটিতে বলা হয়েছে। মোল্লা ওমরের বাসস্থান খোঁজার জন্য একবার অনুসন্ধান চালিয়েও ব্যর্থ হয় মার্কিন বাহিনী।

এরপর আবাস পরিবর্তন করেন মোল্লা ওমর। এবারও ঠাঁই নেন প্রায় এক হাজার সৈন্যসমৃদ্ধ আরো একটি মার্কিন ঘাটির প্রায় তিন কিলোমিটার দূরে। মোল্লা ওমর বিবিসির পশতু ভাষার বুলেটিন থেকে নিজের সংবাদ জানতেন বলে জানিয়েছেন লেখিকা ডাম।

মার্কিন বাহিনীর দাবি ছিল, লুকিয়ে থেকে তালেবানের নেতৃত্ব দিতেন মোল্লা ওমর। কিন্তু পলাতক অবস্থায় সেটা তিনি পারতেন না বলে বইটিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত