রোকেয়া হলে নুরসহ ৩ প্রার্থীর ওপর হামলা

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:৫৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ থেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী নুরুল হক নুরসহ তিন প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলায় আহত অন্য দুই প্রার্থী হলেন- স্বতন্ত্র জোটের প্রার্থী অরণি সেমন্তি খান ও শ্রবনী শফিক দীপ্তি।

সোমবার দুপুরে রোকেয়া হলের ছাত্রলীগ কর্মীদের কয়েকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোকেয়া হলে ভোট কারচুপি হচ্ছে এমন অভিযোগ পেয়ে নুর এবং অন্য বিরোধী প্রার্থীরা সেখানে যান। হলের শিক্ষার্থীরা একটি কক্ষ ঘেরাও করে রাখে। তাদের অভিযোগ, সেখানে তিনটি ব্যালট বাক্স আগে থেকে ভরে রাখা হয়েছে।

শিক্ষক ও নির্বাচনী কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইতে গেলে হামলার শিকার হন নুর ও তার সঙ্গে থাকা এই দুই প্রার্থী।

বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নেতা হাসান আল মামুনের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে দেখা যায়, নুরকে অচেতন অবস্থায় একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

এতে বলতে শোনা যায়, তিনটি ব্যালট বাক্স উদ্ধার করতে গেলে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে তাদের ওপর হামলা হয়।

তবে হামলার এ বিষয়ে জড়িত থাকার বিষয়ে তাৎক্ষণিক এই দুই নেতার বক্তব্য নেওয়া যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে দুপুর ২টা পর্যন্ত।

সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে ছাত্রলীগের বিরুদ্ধে আগেই ব্যালট বাক্স ভর্তি ও নকল লাইন দাঁড় করিয়ে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ আনে বিরোধী প্যানেলগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত