একদিন আগে আকস্মিকভাবে খবরটা প্রকাশ হয়। ব্রেন টিউমারে আক্রান্ত জাতীয় দলের সাবেক স্পিনার মোশাররফ হোসেন রুবেল। এখনো ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে বেড়ানো এই তারকার অসুস্থতার খবরে বিষণ্ন ক্রিকেটাঙ্গন।
মোশাররফ রুবেলের ব্রেন টিউমার প্রাথমিক পর্যায়ে রয়েছে। দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মোশাররফ রুবেল। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাবেন তিনি।
মোশাররফ রুবেল সুস্থ হয়ে ফের মাঠে ফিরবেন এই প্রার্থনায় সবাই। সতীর্থ-ভক্তরা তাই তাকে জানাচ্ছেন শুভ কামনা। পরামর্শ দিচ্ছেন মন শক্ত রাখার।
পেসার রুবেল হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘‘আমাদের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ভাই, তার ব্রেন টিউমার হয়েছে। সত্যি খুবই দুঃখজনক। কোনো ভাষা নেই বলার। মহান আল্লাহ যেন রুবেল ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আমিন।’’
রুবেল আরো লিখেছেন, ‘‘আপনাকে আবারো মাঠে আসতেই হবে ইনশা আল্লাহ। আমরা সবাই সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে... সবার উদ্দেশ্যে একটি কথা বলব, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার মাঠে ফিরিয়ে নিয়ে আসে ইনশা আল্লাহ।’’
জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল ফেসবুকে লিখেছেন, মানসিকভাবে শক্ত থাক আমার বন্ধু…। আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশা আল্লাহ।’’
সাবেক পেসার তাপস বৈশ্য লিখেছেন, ‘‘মোশাররফ রুবেল মনকে শক্ত রাখো বন্ধু।’’
