ছোট্ট রূপকথা ও অফিসের ব্যস্ততাকে ঘিরেই ফয়সাল সাহেবের বেঁচে থাকা। সংসারে আরেকজন মানুষ আছেন, তিনি ফয়সালের মা। এমন একটি পারিবারিক ভালোবাসার গল্প ধরেই এগিয়ে যাচ্ছিল মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘যদি একদিন’। কিন্তু বিরতির পরই বদলে যায় দৃশ্যপট। টানটান উত্তেজনায় দর্শকের সামনে এসে হাজির হয় এক বিয়োগান্ত দৃশ্য। এ যেন প্রাচীন গ্রিক ট্র্যাজেডি ‘ইডিপাস’-এর মতোই শেষ দৃশ্যে জট খুলতে থাকে পুরো গল্পের। একটা সরলরেখায় এগিয়ে যাওয়া গল্প শেষ দৃশ্যে এসে উন্মোচন করে অনেকগুলো সত্যের। বন্ধুর জন্য ফয়সালের আত্মত্যাগ, তাহসানের চরিত্রটিকে মহৎ জায়গায় নিয়ে যায়। ‘ঢাকা অ্যাটাক’-এর মতো এবারও নিজের জাত চিনিয়েছেন তাসকিন। ‘যদি একদিন’ ছবিতে জেমি চরিত্রে মুগ্ধ করেছেন তিনি। ছবির মাঝামাঝি সময়ে খলনায়ক হিসেবে পর্দায় হাজির হন জেমি। যে কিনা দর্শকের মনে অনেকগুলো প্রশ্নের রেখা এঁকে দিয়ে যায়। ক্যারিয়ারের লোভ, প্রেমিকার সঙ্গে ভালোবাসার ফসল অস্বীকার এবং শেষ দৃশ্যে প্রকৃতির অমোঘ নিয়েমের বেড়াজালে আবদ্ধ হতে হয় তাকে।
পুরো ছবিতে গ্ল্যামার ছড়িয়েছেন নায়িকা শ্রাবন্তী। তার চরিত্রে সাবলীল অভিনয় করেছেন তিনি। টালিউড ছবির এই নায়িকা যেন চিরায়ত সেই পুরনো রূপেই হাজির হলেন। ছবিটিতে রূপকথা চরিত্রের ছোট্ট রাইসার সরল অভিনয়ের প্রশংসা করতেই হয়। সেই সঙ্গে প্রাজ্ঞ অভিনেত্রী সাবেরী আলমকেও। তবে চরিত্রগুলো ছাপিয়ে সিনেমা শেষ হওয়ার পরও দর্শকের ভাবনাজুড়ে ঘুরে ফিরবে ছবিটির গল্প। পুরো সিনেমাজুড়ে নির্মাতা যেন একটা সুন্দর গল্পই বলতে চেয়েছেন। সেই গল্পে ট্র্যাজেডি আছে, প্রেম-ভালোবাসা আছে। প্রেমিক-প্রেমিকার, বাবা-মেয়ের কিংবা মা-ছেলের প্রেমকে বেঁধেছেন এক ফ্রেমে। সব মিলিয়ে একটি পরিচ্ছন্ন ভালোবাসার গল্পই বলেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। ঢাকার সিনেমা পাড়ার এই মন্দাকালে ছবিটি নিঃসন্দেহে আলোর ঝলকানি। ছবির আরেকটি শক্তিশালী দিক এর গানগুলো ও ব্যাকগ্রাউন্ড স্কোর। এরইমধ্যে একাধিক গান দর্শকপ্রিয়তা পেয়েছে। এ জন্য ধন্যবাদ প্রাপ্য হৃদয় খান, ইমরান ও নাভেদ পারভেজের।
চলতি বছরে মুক্তি পাওয়া ছবিগুলোর মাঝে ‘যদি একদিন’ এগিয়ে থাকবে, এটা বলাই যায়। প্রেক্ষাগৃহে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতোই ছবি ‘যদি একদিন’। তবে সিনেমা শেষ হওয়ার পর একটা প্রশ্ন উঁকি মারতেই পারে, ছবির নাম ‘যদি একদিন’ কেন? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সবারই উচিত প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখা। গত শুক্রবার সারা দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘যদি একদিন’। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম, মিলি বাশার ও শিশুশিল্পী আফরীন শিখা রাইসা। সংগীত পরিচালনা এবং আবহ সংগীত করেছেন নাভেদ পারভেজ।
