চরিত্রটি করতে অনেক বেগ পেতে হচ্ছে

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:২১ পিএম

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। এখনকার ব্যস্ততাও দুই মাধ্যম ঘিরে। গতকাল থেকে শুরু করেছেন আসছে ঈদের কাজও। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

 

ঈদের কাজ শুরু

দীপ্ত টিভিতে গত দুই ঈদে আমার অভিনীত সিরিজ নাটক ‘আইজু ভাই’ বেশ সাড়া ফেলেছে। আসছে ঈদের জন্য তাই আগেভাগেই চ্যানেলটি এই নাটকের নতুন সিরিজ তৈরি করছে। এবারের পর্বের নাম ‘আইজু দ্য ভাই’। নির্দেশনা দিয়েছেন ফিরোজ কবির ডলার। এতে আমি নাম ভূমিকায় অভিনয় করছি। আমার চরিত্রটি পুরান ঢাকার একটি লোকের। যে চায় না তার মহল্লায় কোনো গরিব-দরিদ্র মানুষ থাকুক। শুধু তাই নয়, কেউ তাকে চাচা বা বস ডাকলেও তার খারাপ লাগে। সে সবার ‘ভাই’ হতে চায়। খুবই মজার একটি চরিত্র। অভিনয়ের জায়গা রয়েছে। এতে আমার বিপরীতে আছে ঊর্মিলা শ্রাবন্তি কর।

তিন ধারাবাহিক

মাঝে কয়েকটা বছর ধারাবাহিক নাটকে খুব বেশি কাজ করিনি। তবে এ বছর থেকে আবারও শুরু করেছি। এখন আমি তিনটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত আছি। এরমধ্যে আরটিভিতে প্রচার হবে ফরিদুর হাসানের ‘লাকি থার্টিন’। এই নাটকটি কমেডি ঘরানার। আমার দাদা আমিরুল হক চৌধুরী ১৩ নম্বর বিয়ে করে বউ ঘরে তুলে আনে। এই বউ আবার আমার প্রেমিকা অহনা। আমি কিছুতেই চাই না দাদার বাসর হোক। আর তিনি চেষ্টা করেন বাসর করতে।

এছাড়া নতুন দুটি ধারাবাহিক করছি। একটি ‘বংশের চাবি’, অন্যটি ‘জুলি বিউটিফুল’। দুটি নাটকেই আমার চরিত্রে ভিন্নতা রয়েছে। বিশেষ করে ‘জুলি বিউটিফুল’ নাটকে আমি একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। কারণ আমার প্রেমিকা ঊর্মিলার বিয়ে ঠিক করে বাড়ি থেকে। কিন্তু সে বিয়েতে রাজি না। তাই আমিই তার বান্ধবী সেজে তাদের বাড়িতে যাই। নানাভাবে বিয়ে আটকানোর চেষ্টা করি। এই চরিত্রের উপযোগী সাজ-পোশাকের জন্য বেশ বেগ পেতে হচ্ছে। নাটকের প্রায় ৫০ পর্ব পর্যন্ত আমাকে মেয়ের সাজেই দেখা যাবে।

চলচ্চিত্রের ব্যস্ততা

সর্বশেষ নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ চলচ্চিত্রের শ্যুটিং করেছি। এই সিনেমায় আরও আছেন ফেরদৌস ও পূর্ণিমা। এছাড়া হাতে রয়েছেন সাইদুর রহমান রাসেলের ‘জামদানি’। এতে আমার নায়িকা সিবা আলী খান। মুক্তির অপেক্ষায় রয়েছে শাহ আলম ম-লের ‘ডনগিরি’। চিত্রনায়িকা সিমলার সঙ্গে করা ‘নাইওর’ সিনেমাটিও মুক্তি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত