রোনালদোর দিকে তাকিয়ে জুভেন্তাস

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১২:১৮ এএম

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল আতলেতিকো মাদ্রিদ। আজ দ্বিতীয় লেগের খেলায় জুভেন্তাসের মুখোমুখি তারা। তুরিনে আজ কে জিতবে? এই প্রশ্নের উত্তর অনেকটা নির্ভর করছে ক্রিশ্চিয়ানো রোনালদো কেমন খেলেন তার ওপর। রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচে বরাবর ভালো খেলেছেন পর্তুগিজ তারকা।
তুরিনে আজ আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী রোনালদো। তিনি বলেছেন, ‘প্রথম লেগে আমরা ২-০-তে হেরে যাওয়াটা প্রত্যাশা করিনি। কিন্তু যেকোনো কিছু ঘটতে পারে। আমরা ঘরের মাঠে নিজেদের দর্শকের সামনে আজ ভালো খেলতে চাই।’ জুভেন্তাস সমর্থকদের জয়ের ব্যাপারে আশ্বস্ত করে তিনি বলেছেন, ‘অসাধারণ একটা চ্যাম্পিয়ন্স লিগ নাইট আসছে। দুর্দান্ত একটা ম্যাচ খেলার জন্য দল আত্মবিশ্বাসী। সমর্থকদের আমি বলব ইতিবাচক চিন্তা করুন আর আমাদের ওপর বিশ্বাস রাখুন। ঘুরে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত।’ ইতালির একটি বিখ্যাত ক্রীড়া দৈনিক এই ম্যাচের গুরুত্ব বোঝাতে চেয়ে লিখেছে, ‘এটা এমন একটা ম্যাচ যেখানে ক্রিশ্চিয়ানোর ভুলের সুযোগ নেই।’
পর্তুগিজ মেগাতারকা পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের হয়ে। গোল করেছেন ১২১টি। এর মধ্যে তার ৫৭ গোলে ম্যাচের জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। যদিও জুভেন্তাসের হয়ে এখন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো। আজ আতলেতিকোর বিপক্ষে ভালো একটা সুযোগ পাচ্ছেন তিনি। লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে স্প্যানিশ দলটি। গত পাঁচ ম্যাচে কোনো গোল খায়নি দিয়েগো সিমিওনের দল। বলা হচ্ছে ইউরোপের দলগুলোর মধ্যে সেরা রক্ষণ এখন আতলেতিকোর। অন্য ম্যাচে ম্যানসিটি খেলবে শালখের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত