দীর্ঘ ২৮ বছর অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শেষ হয় সরকারবিরোধী ছাত্র সংগঠনগুলোর ভোট বর্জনের মধ্য দিয়ে। এ নির্বাচনে সর্বশেষ পাওয়া ফলে নিরঙ্কুশ জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। ছাত্রদের হলগুলোতে ছাত্রলীগের প্যানেল একচেটিয়া জয় পেলেও ছাত্রীহলগুলোতে ভিপি, জিএসসহ বিভিন্ন পদে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার।
১৮টি হলের মোট ২৩৪টি পদ রয়েছে। প্রতিটি হলে ১৩টি পদ। ১৮টি হলের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রলীগের ২৬ জন জয়ী হয়েছেন। স্বতন্ত্র থেকে ভিপি-জিএস হয়েছেন ১০ জন।
গতকাল সোমবার ডাকসু নির্বাচন শেষে হলগুলোর নির্বাচনের দায়িত্বে থাকা হল সংসদ রিটার্নিং অফিসাররা এই ফল ঘোষণা করেন। এতে বিজয় একাত্তর হলে ভিপি পদে ছাত্রলীগের সজিবুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক পদে নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে ছাত্রলীগের শরিফুল ইসলাম শাকিল ও জিএস পদে হাসিবুল হোসেন শান্ত, কবি জসিমউদ্দিন হলে ভিপি পদে ছাত্রলীগের ফরহাদ আলী ও জিএস পদে ইমাম হোসেন, মাস্টারদা সূর্যসেন হলে ভিপি পদে ছাত্রলীগের মারইয়াম জাহান খান এবং জিএস পদে সিয়াম রহমান জয়ী হন। সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে ছাত্রলীগের মুজাহিদ কামাল উদ্দিন এবং জিএস পদে জুলিয়াস সিজার জয়ী হন। শামসুন্নাহার হলে ভিপি পদে স্বতন্ত্র শেখ তাসনিম আফরোজ এবং জিএস পদে স্বতন্ত্র আফসানা হফা বিজয়ী হন। জগন্নাথ হলে ভিপি পদে ছাত্রলীগের উৎপল বিশ্বাস এবং জিএস পদে কাজল দাস, ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে স্বতন্ত্র মাহমুদুল হাসান তমাল এবং ছাত্রলীগ থেকে জিএস পদে মাহফুজুর রহমান, অমর একুশে হলে স্বতন্ত্র থেকে ভিপি পদে মেহেদী হাসান সুমন, ছাত্রলীগ থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হন আহসান হাবীব।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি পদে স্বতন্ত্র রিকি হায়দার, জিএস পদে ছাত্রলীগের সারাহ বিনতে জামাল, স্যার এ এফ রহমান হলে ভিপি পদে ছাত্রলীগের আবদুল আলীম খান, জিএস পদে আবদুর রহিম, সার্জেন্ট জহুরুল হক হলে ভিপি পদে ছাত্রলীগের সাইফুল্লাহ আব্বাসী এবং জিএস পদে স্বতন্ত্র তৌফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভিপি পদে ছাত্রলীগের আকমল হোসেন এবং জিএস পদে মেহেদী হাসান শান্ত জয়ী হন।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ভিপি পদে ছাত্রলীগের হুসাইন আহমেদ সোহান এবং জিএস পদে ইরফানুল হাই সৌরভ, হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি পদে ছাত্রলীগের শহিদুল হক শিশির ও জিএস পদে মেহেদী হাসান বিজয়ী হন।
এদিকে কবি সুফিয়া কামাল হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ভিপি ও জিএসের চারটি পদেই স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। মৈত্রী হলে সুস্মিতা দে ভিপি ও সাগুফতা বুশরা জিএস হয়েছেন। সুফিয়া কামাল হলে ভিপি পদে তানজীনা আক্তার সুমা ও জিএস পদে মনিরা শারমীন বিজয়ী হয়েছেন। রোকেয়া হলে ছাত্রলীগ প্যানেলের ইশরাত তন্বী ভিপি ও সায়মা আক্তার প্রমি জিএস হয়েছেন।
