শাহজালালে অস্ত্রসহ ধরা আ.লীগ নেতা

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৫:১৪ এএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা না দিয়ে অস্ত্রসহ গেট পার হতে গিয়ে ধরা পড়েছেন যশোরের চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী। গতকাল সোমবার বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের (এভসেক) পরিচালক উইং কমান্ডার নুরে আলম সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, বিকেল ৪টার দিকে যশোর যাওয়ার জন্য বাবা আবুল কাশেম চৌধুরীকে নিয়ে বিমানবন্দরে আসেন মেহেদী মাসুদ চৌধুরী। কিন্তু তিনি সঙ্গে থাকা পিস্তল ও ৯ রাউন্ড গুলি সম্পর্কে কোনো ধরনের ঘোষণা না দিয়েই গেইট পার হয়ে যান। এ সময় স্ক্যানিং মেশিনে তার ব্যাগেজে অস্ত্র ভেসে উঠলে নিরাপত্তাকর্মীরা তাকে ডেকে আনেন। পরে পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিচয় দেন। তখন ব্যাগের পিস্তল সম্পর্কে ঘোষণা না দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি আমতা আমতা শুরু করেন। একপর্যায়ে বিভিন্ন জায়গায় ফোন করে তদবির করতে থাকেন। এতেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত তিনি সরি বলেন। কিন্তু এভসেক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পুলিশ ডাকেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। সন্ধ্যায় মামলা দেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

বেসরকারি বিমান চলাচল কর্র্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, মেহেদী মাসুদ চৌধুরীর লাইসেন্সটি বাতিল করতে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে।  

নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, গতকাল ঘোষণা দিয়ে যথাযথ প্রক্রিয়া মেনে আগ্নেয়াস্ত্র নিয়ে অভ্যন্তরীণ টার্মিনাল পার হয়েছেন অন্তত সাতজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত