কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে মাদক মামলার আসামি ও রোহিঙ্গা শরণার্থী দুজন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলো টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেষখালিয়া পাড়া এলাকার শাহ আলমের ছেলে আব্দুর রহমান (২৩), হ্নীলা ইউনিয়নের লেদা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের নুরুল কবির (৪৫) ও অজ্ঞাতনামা একজন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ দেশ রূপান্তরকে বলেন, গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া শিয়াইল্লাঘোনা পাহাড়ে ইয়াবা কারবারিদের দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পাই। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
