লাঞ্চের আগেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৬:৪২ এএম

টেস্ট বাঁচানোর অসাধ্য সাধন নয়, সেই ইনিংস ব্যবধানেই হার বরণ করেছে বাংলাদেশ। ওয়েলিংটন টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। তাতে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত হয় স্বাগতিক নিউ জিল্যান্ডের।

মঙ্গলবার ওয়েলিংটনে নিউ জিল্যান্ড ইনিংস ও ১২ রানের জয় তুলে নেয়। আগের দিনের ৩ উইকেটে ৮০ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করা বাংলাদেশ দিনের প্রথম সেশনেই গুটিয়ে যায় ২০৯ রানে।

নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে লিড নিয়েছিল ২২১ রানের। প্রথম ইনিংসে বাংলাদেশের ২১১ রানের বিপরীতে নিউ জিল্যান্ড ৬ উইকেটে ৪৩২ রান করে ইনিংস ঘোষণা করে। ম্যাচের প্রথম দুই দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট আগ্রাসী বোলিং করে গেছেন। এই দুই ফাস্ট বোলারের তোপেই বাংলাদেশ লাঞ্চের আগে পরাজয় বরণ করে। দিন শুরু করা মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার শুরুতে ভালোই খেলছিলেন। দারুণ একটা জুটি গড়ে ওঠেছিল দুজনের। কিন্তু ট্রেন্ট বোল্ট স্লিপে টেলরের হাতে সৌম্যকে ক্যাচ বানান। ৫৭ বলে ৫ চারে ২৮ রান করে ফেরেন সৌম্য।

এরপর মাহমুদউল্লাহকে নিয়ে ৪০ রান যোগ করেন মিঠুন। ফিফটি থেকে মাত্র তিন রান দূরে থেকে নিল ওয়াগনারের শিকার হন মিঠুন। ১০৫ বলে ৭ চারে ৪৭ রান করেন মিঠুন। মাহমুদউল্লাহ একা এক প্রান্তে লড়ছিলেন আর দেখছিলেন অন্য প্রান্তে সতীর্থদের আসা যাওয়া।

দর্শক হয়ে মাহমুদউল্লাহ দেখেছেন লিটন দাস ও তাইজুল ইসলামের চলে যাওয়া। দুজনকেই ফেরান ওয়াগনার। লিটনকে বোল্টের (১) হাতে ক্যাচ বানান ওয়াগনার। এরপর ওয়াগনারের বাউন্সারে পরাস্ত হয়ে ফেরেন তাইজুল ইসলাম (০)। মোস্তাফিজ বেশ ভালো খেলছিলেন। মাহমুদউল্লাহর সঙ্গে অষ্টম উইকেটে যোগ করেন ৩৩ রান। শেষ পর্যন্ত বোল্ট তাকে বোল্ড করে ফেরান।

এক প্রান্ত আগলে রেখে খেলা মাহমুদউল্লাহ কিউই বোলারদের নবম শিকার হয়ে ফেরেন। ওয়াগনারের বলে ডিপ ফাইনলেগে ক্যাচ হন। ৬৯ বলে ১২ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন মাহমুদউল্লাহ। এরপর ইবাদত হোসেনকে বোল্ট করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়েছেন ওয়াগনার। শিকার করেছেন ইনিংসে ৫ উইকেট। টেস্টে সপ্তমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিল ওয়াগনার। ডাবল সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন রস টেইলর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত