ব্যাটসম্যানদের দুষলেন মাহমুদউল্লাহ

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০২:৫৪ পিএম

দুই দিনের বেশি সময় ভেসে গেছে বৃষ্টিতে। এরপরও ওয়েলিংটন টেস্টে নিউ জিল্যান্ডের কাছে ইনিংসে হার বাংলাদেশের। দলের এমন ব্যর্থতার দায়ে ব্যাটসম্যানদেরই বেশি দুষলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার ওয়েলিংটন টেস্টের পঞ্চম ও শেষ দিন কিউদের কাছে ইনিংস ও ১২ রানে হার মানে বাংলাদেশ দল। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের রান ছিল ৪২০; প্রথম ইনিংসেই স্বাগতিক দলের রান ছিল ৬ উইকেটে ৪৩২!

দলের ব্যাটিং দৈন্যতায় হতাশ মাহমুদউল্লাহ। ওয়েলিংটন টেস্ট শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নতুন বলে আমরা দুই টেস্টের তিন ইনিংসে ব্যাটিংয়ে ভাল শুরু করেছিলাম। তামিম খুব ভাল ব্যাটিং করেছে। সাদমানের সঙ্গে তার ওপেনিং জুটিটা তিন ইনিংসে ভালো হয়েছিল। কিন্তু মাঝের ওভারে ওয়েগনার যখন তার শর্ট বল ও বাউন্সার থিওরির প্রয়োগ করে তখনই সমস্যার শুরু। সেই সময়টায় আমরা কিছুক্ষণ ভালো খেলেছি। তারপর সেই ভালোটা ছুঁড়ে দিয়ে এসেছি।”

“আমাদের আরও লম্বা সময় ধরে দৃঢ়তার সঙ্গে ব্যাট করার দরকার ছিল। বেশির ভাগ ব্যাটসম্যান দায়সাড়া গোছের শট খেলেছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম না। শট খেলব কি খেলব না- এমন দোদুল্যমান মানসিকতায় ছিলাম আমরা।”

চতুর্থ দিনে নিউ জিল্যান্ডের রস টেইলরের দুটি ক্যাচ মিস হয়েছে আবু জায়েদের ওভারে। সেই সুযোগগুলো নিতে পারলে বোলারদের আত্মবিশ্বাস আরও বাড়ার সঙ্গে সঙ্গে মোমেন্টামও বদলে যেত বলে মনে করেন মাহমুদউল্লাহ।

“আমরা সুযোগ নিতে পারলে মোমেন্টাম ভালো অবস্থায় দাঁড়িয়ে যেত। বোলারদের পক্ষে চলে আসতো। তাহলে আরও কিছু উইকেট পড়তো।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত