ভিপি হিসেবে শপথ নেওয়ার ইঙ্গিত নুরের

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৩:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ভিপি পদে শপথ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

প্রশ্নবিদ্ধ নির্বাচন বর্জন করবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আজও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। ছাত্রসমাজকে নিয়ে প্রয়োজনে ভিপি হিসেবে প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে লড়াই করব।”

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের বিরুদ্ধে হুঁশিয়ারিও উচ্চারণ করেন নুর।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্নিস্ফুলিঙ্গ। এই অগ্নিস্ফুলিঙ্গ নিয়ে খেলবেন না।”

এসময় ডাকসুর নবনির্বাচিত ভিপি বলেন, “ছাত্রলীগের যারা শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রীদের যৌন হয়রানির সঙ্গে জড়িত, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে জিতিয়ে দিয়েছে- ছাত্রলীগের এমন অভিযোগের জবাবে নুর বলেন, “ছাত্রলীগ গুজবের সংগঠন। ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে আমি দুই হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছি।”

এসময় বাম জোটসহ ডাকসু নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এরআগে ব্রিফিংয়ের চেষ্টা করলে টিএসসিতে নুরের ওপর হামলার চেষ্টা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাকে বাঁচাতে গিয়ে আহত হন একজন।

একপর্যায়ে পাশে অবস্থান করা ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রদল এবং ছাত্রলীগের দুজন আহত হন।

এই ঘটনার জেরে তাৎক্ষণিক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বামজোট। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনের দিন সোমবার ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে রোকেয়া হলে ছাত্রলীগের হামলার শিকার হন নুর। সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতাল থেকে মঙ্গলবার বেলা ২টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন ডাকসুর নবনির্বাচিত এই ভিপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত