সাভারে চাঁদাবাজি মামলায় শ্রমিক লীগ নেতা কবির গ্রেপ্তার

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৮:১৬ পিএম

সাভারে চাঁদাবাজির মামলায় পৌর শ্রমিক লীগের আহ্বায়ক কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাঁদাবাজি ও মারধরের ঘটনায় পৌর এলাকার ভাটপাড়া মহল্লার ব্যবসায়ী আপেল মাহমুদ বাদী হয়ে কবির হোসেনকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশের একটি দল সাভারের ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে কবিরকে গ্রেপ্তার করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আপেল মাহমুদ বলেন, দাবিকৃত চাঁদা দিতে রাজি না হওয়ায় বেশ কিছুদিন ধরেই সন্ত্রাসী কবির আমাকে মারধর ও হত্যার হুমকি প্রদান করে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে কবির ও তার দলবল অস্ত্র নিয়ে শোডাউন দেয় এবং আমাকে মারধর করে আমার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে । এঘটনায় আমি মঙ্গলবার রাতে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছি। মামলায় মো. ফজা (৪৫), মো. জহির (৪২), মো. হায়দার (৩২) সহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী অভিযোগ করেন, কবির বাহিনীর সক্রিয় সদস্য আলামিন, রিয়াদ, ইসমাইল, নিহান। কবির সাভার পৌর শ্রমিক লীগের আহ্বায়ক  পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা ধরনের অপরাধ করে আসছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, চাঁদাবাজির ঘটনায় লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের কর্মী হয়ে কবিরের পথচলা শুরু। পরবর্তী পর্যায়ে মাদক ব্যবসা, হত্যা, চাঁদাবাজিসহ কয়েকটি মামলার আসামি হলেও প্রকাশ্যে চলতো তার সকল অপকর্ম। এর আগেও ওয়াপদা রোডের সরকার দলীয় নারী কর্মী সুলতানা বেগমের বাড়িতে হামলা, ভ্যানচালক জাহাঙ্গীরকে মারধর ও ব্যবসায়ী সানি, লিটন, বাবু, সুমনের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে কবির ও তার লোকজনের বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত