পরীক্ষায় ফেল করার পর ভিকারুননিসা ছাত্রীর ‘আত্মহত্যা’

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৩:২২ এএম

অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করার পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় সিদ্ধেশ্বরীর বাসায় ওই ছাত্রী আত্মহত্যা করে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রমনা থানার ওসি মইনুল হোসেন জানান, সোমবার  সন্ধ্যায় সারা আক্তার স্বর্ণার (১৭) বাবা মাগরিবের নামাজ আদায় করছিলেন। এ সময় স্বর্ণা নিজ কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার লাশ মাদারীপুরে স্বর্ণার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

মৃতের পরিবারের এক সদস্য দেশ রূপান্তরকে জানান, স্বর্ণা একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। সিদ্ধেশ্বরী খন্দকার গলিতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। গত সোমবার তার কলেজের অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে জীববিজ্ঞান বিষয়ে ফেল করে। ওই দিনই স্বর্ণা গলায় ফাঁস দেয়। স্বর্ণার কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বর্ণা পরিবারের বড় সন্তান, তার ছোট এক বোন রয়েছে। সেও একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করে। তার বাবা ব্যবসায়ী ও মা গৃহিণী।

ভিকারুননিসা নূন কলেজের শিক্ষকরা জানান, ভিকারুননিসার প্রধান শাখায় স্কুল পর্যায়ে ভর্তি হয় স্বর্ণা। বিগত সময়ে প্রতিটি পরীক্ষায় সে ভালো ফল অর্জন করেছিল। স্বর্ণা শান্ত মেজাজের মেয়ে ছিল। তার এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ইউনূস আলী আকন্দ বলেন, ‘অরিত্রি অধিকারীর পর স্বর্ণা নামে একাদশ শ্রেণির এক মেয়ে আত্মহত্যা করল। বিষয়টি খুবই দুঃখজনক। কেন এই ছাত্রী আত্মহত্যা করল তা আমরা খতিয়ে দেখব?’

স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার বলেন, ‘আমরা স্বর্ণার অকাল মৃত্যুতে মর্মাহত। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে লক্ষ্য রাখব।’ গত বছরের ৩ ডিসেম্বর নিজের সামনে বাবাকে অপমান করায় গলায় ফাঁস দিয়েছিল রাজধানীর বেইলি রোডে অবস্থিত ভিকারুননিসা স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত