ধূমপানের চেয়েও মৃত্যু বেশি বায়ুদূষণে

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৩:২৭ এএম

বিশ্বে প্রতি বছর ধূমপানের চেয়েও বায়ুদূষণে অধিক সংখ্যক মানুষের মৃত্যু হয়। সম্প্রতি ইউরোপিয়ান হার্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এমন দাবি করা হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। গবেষণায় দাবি করা হয়, বায়ুদূষণে প্রতি বছর শুধু ইউরোপেই ৭ লাখ ৯০ হাজার মানুষের মৃত্যু হয়। আর পৃথিবীজুড়ে বছরে এই মৃত্যুর সংখ্যা ৮৮ লাখের বেশি, যা আগের সব পরিসংখ্যানের চেয়ে বেশি। তবে বৈশ্বিক মৃত্যুর গড় হিসাবে ইউরোপে বায়ুদূষণে মৃতের সংখ্যা বেশি।

বায়ুদূষণে মৃতদের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, মস্তিষ্কে রক্তক্ষরণে এবং হৃদরোগের অন্যান্য কারণে মারা যায় ৪০ থেকে ৮০ শতাংশ। গবেষণায় আরও বলা হয়, যানবাহনের কালো ধোঁয়া, শিল্প-কারখানার ধোঁয়ার কারণে মানুষের বেঁচে থাকার গড় সময়সীমা অন্তত দুই বছর কমে যাচ্ছে। জার্মানিতে বায়ুদূষণের কারণে মানুষের গড় আয়ু দুই বছর চার মাস করে কমে যাচ্ছে। আর যুক্তরাজ্যের মানুষের কমে যাচ্ছে দেড় বছর করে।

জার্মানির ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার মায়েঞ্জের অধ্যাপক ও গবেষক দলের বিজ্ঞানী থমাস মুনজেল বলেন, ‘প্রতি বছর ধূমপানের কারণে যে মৃত্যু হয় তারচেয়েও বেশি মানুষ মরে বায়ুদূষণের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে বলা হয়, ২০১৭ সালে বায়ুদূষণের কারণে ৭২ লাখ মানুষের মৃত্যু হয়। ধূমপান চাইলে এড়ানো

যায়, কিন্তু বায়ুদূষণ এড়ানো যাচ্ছে না।’

বাতাসে নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজনের মাত্রা বেড়ে যাওয়া মানুষের শ্রমক্ষমতা আগের চেয়ে কমে যাচ্ছে বলেও গবেষণায় বলা হয়। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সবেচেয়ে বেশি মাত্রায় বায়ুদূষণ হয়। এমন অবস্থার পরিবর্তনে অবিলম্বে বিকল্প জ্বালানির উৎস সন্ধান করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের ফলে কার্বন নির্গমনের মাত্রা কমানো সম্ভব যেমনটা প্যারিস চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের পরিবেশ ও মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ডেভিড বয়েড বলেছেন, বায়ুদূষণকে এখন মানবাধিকারের জন্য হুমকি হিসেবে দেখা উচিত। শুধুমাত্র বায়ুদূষণের কারণে বিশ্বে প্রত্যেক বছর প্রায় ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটছে। এদের মধ্যে ৬ লাখই শিশু। বিশ্বে সারা বছর যুদ্ধ, খুন, যক্ষ্মা, এইচআইভি, এইডস ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে যত মানুষ মারা যান; তার চেয়ে বায়ুদূষণের কারণে বেশি মানুষের প্রাণ যায়। এটা একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট; যা আসলেই মোকাবিলা করা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত