আইনজীবীদের কেন পেনশন সুবিধা নয় : হাইকোর্ট

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৩:৫৯ এএম

সুপ্রিম কোর্টসহ সারা দেশের আইনজীবীদের পেনশন সুবিধা কেন দেওয়া হবে নাÑ তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি আইনজীবীদের জীবদ্দশায় তাদের বেনাভোলেন্ট ফান্ডের টাকা উত্তোলনের সুযোগ, চিকিৎসা ও বাসস্থানের যথাযথ সুযোগ কেন নিশ্চিত করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

আইন মন্ত্রণালয়ের সচিব ও বার কাউন্সিলের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাহাবুদ্দিন খান লার্জ ও মো. কামরুল হাসান। সঙ্গে ছিলেন আইনজীবী শারমিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আইনজীবীদের পেনশন সুবিধায় আনার নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে এ রিট আবেদনটি করেন অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক।

আইনজীবী শাহাবুদ্দিন বলেন, ‘সম্মানজনক পেশা সত্ত্বেও আইনজীবী, তাদের স্ত্রী, স্বামী ও সন্তানদের ভবিষ্যৎ নিশ্চয়তায় কোনো পেনশন সুবিধা নেই। বার কাউন্সিলের যে বেনাভোলেন্ট ফান্ড রয়েছে তাও আইনজীবীদের জীবদ্দশায় পাওয়া যায় না। এতে করে তারা ও স্বজনদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে। এছাড়া পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নেই আইনজীবীদের। এসব দিক বিবেচনা করে এ রিট আবেদন করা হয়।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত