বাংলাদেশে গ্যাসোলিন ইঞ্জিন কার ম্যানুফ্যাকচারিং শিল্পে যৌথ অংশীদারিত্বে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপান। ইলেক্ট্রনিক হোম অ্যাপ্লায়েন্স (বৈদ্যুতিক গৃহস্থালি সরঞ্জাম) শিল্পেও এ দেশে বিনিয়োগের চমৎকার সম্ভাবনা রয়েছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসিও ইজুমি।
বাসস জানিয়েছে, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন জাপানি রাষ্ট্রদূত। শিল্প মন্ত্রণালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় শিল্প সচিব মো. আবদুল হালিম, অতিরিক্ত সচিব বেগম পরাগসহ শিল্প মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের শিল্প খাতের জাপানি বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, অটোমোবাইল শিল্প খাতে জাপানের কারিগরি সহায়তাসহ নানা বিষয় আলোচনায় স্থান পায়।
এছাড়া বাংলাদেশের একটি মেগা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের বিখ্যাত উদ্যোক্তা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্স।
