ভারতের এবারের নির্বাচনে থাকছেন সত্যজিৎ রায়ও

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১০:২৫ এএম

এপ্রিল থেকে সাত দফায় লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে ভারতে। এবারের নির্বাচনে থাকছেন প্রয়াত চলচ্চিত্রকার ও লেখক সত্যজিৎ রায়ও।

ভোটারদের উদ্বুদ্ধ করতে তার ‘এক ডজন গপ্পো’র অনুপ্রেরণায় ১২টি তথ্যচিত্র তৈরি করছে উত্তর কলকাতা নির্বাচনী দপ্তর।

ভারতের সংবাদ প্রতিদিন জানায়, কলকাতার ৪২টি কেন্দ্রের মধ্যে উত্তর কলকাতার ভোটের হার সবচেয়ে কম। ২০১৪ সালের লোকসভায় রাজ্যে যেখানে ভোট পড়ে ৮২.২২ শতাংশ, সেখানে উত্তরে ভোটের হার ছিল মাত্র ৬৬.০৮ শতাংশ।

মূলত উত্তর কলকাতার ভোটারদের উদ্বুদ্ধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচনী কর্মকর্তা দিব্যেন্দু সরকার।

সত্যজিৎ রায়ের ‘এক ডজন গপ্পো’ থেকে ইতিমধ্যেই তথ্যচিত্রগুলো তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে বলে তিনি জানান।

কলকাতার কয়েকটি থিয়েটার গ্রুপের ১০ জনকে নিয়ে একটি দল তৈরি করা হয়েছে। তাদের সঙ্গে রয়েছেন পাঁচজন ক্যামেরাম্যান ও টেকনিশিয়ানও। শহরের বিভিন্ন জায়গায় তথ্যচিত্রগুলোর শুটিং চলছে এখন।

এ ১২টি ছবির টাইটেল নামও হবে ‘এক ডজন গপ্পো’। প্রত্যেকটির দৈর্ঘ্য এক মিনিট। সেই তালিকায় এক দিকে যেমন রয়েছে টেনিদার মতো জনপ্রিয় চরিত্র, তেমনি রয়েছে কলকাতার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত স্থান সমূহ।

এতে দেখা যাবে কলেজ স্ট্রিটের বইপাড়া, মধ্য কলকাতার ডেকার্স লেন, শ্যামবাজারের পাঁচ মাথার মোড় বা ভোরের গঙ্গার কথাও।  থাকছে শহরের শোনা যাওয়া ভোরের রেওয়াজ বা রাজাবাজারের ঘোড়ার গাড়ি ও হাতে টানা রিকশাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত