শিক্ষার্থীরা চাইলেই শপথ নেব: নুর

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৩:৩৮ পিএম

শিক্ষার্থীরা চাইলে শপথ নেবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

বুধবার দুপুরের পরে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার ওপর শপথের সিদ্ধান্ত নির্ভর করছে জানিয়ে নুর বলেন, শিক্ষার্থীরা চাইলেই শপথ নেব, না চাইলে নেব না। বিশ্ববিদ্যালয়ের ক্লিয়ার মেসেজ পাওয়ার পর শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজানো ছকে নির্বাচনে এগিয়েছে অভিযোগ করে তিনি বলেন, তারা আমাকে এবং (সমাজসেবা সম্পাদক) আখতারকে নীলনকশার করেও হারাতে পারেনি।

নবনির্বাচিত ভিপি বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ৩১ মার্চের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সব পদেই পুনর্নির্বাচন দিতে হবে। নির্বাচিত হিসেবে শিক্ষার্থীদের সকল দাবির প্রতি আমার সমর্থন আছে।

এসময় নুর অভিযোগ করেন, নির্বাচনের দিন রোকেয়া হলে লেডি মাস্তান বাহিনী শোভন ভাইয়ের (ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন) নেতৃত্বে আমাদের ওপর হামলা চালিয়েছে।

এর আগে পুনর্নির্বাচন চেয়ে স্মারকলিপি দিতে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয়। উপাচার্যের কার্যালয়ের সামনে পাঁচটি প্যানেলের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নবনির্বাচিত ভিপি।

দীর্ঘ ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভোট বর্জন করেও সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন সাদ্দাম হোসেন।

ডাকসুর মোট ২৫টি পদের মধ্যে ২৩ টিতেই ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। ১৮টি হল সংসদের মধ্যে ১২ টিতে ভিপি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। বাকি ছয়টি হলে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

তবে বস্তাভর্তি সিলমারা ব্যালট উদ্ধারের ঘটনায় এবং বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোটের দিন দুপুরেই ছাত্রলীগ ছাড়া বাকি সাত প্যানেলের শিক্ষার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরদিন নতুন নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করে বাম জোটসহ পাঁচটি প্যানেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত