ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৮

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০২:৫৭ এএম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৮ শ্রমিক আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। গতকাল বুধবার সকাল ১০টায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। গুরুতর আহতাবস্থায় তিন

শ্রমিককে ঢাকায় পাঠানো হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুর রাজ্জাক বলেন, নূরানী কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি বিশ্ববিদ্যালয়ের ১২তলা মাল্টিপারপাস ভবনের নির্মাণকাজ করছে। মঙ্গলবার রাতে দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এক পর্যায় ছাদের পশ্চিম পাশের উত্তরাংশ ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নির্মাণকারী প্রতিষ্ঠানটির পরিচালক খন্দকার তারিকুল বলেন, দুর্বল সেন্টারিংয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আমি নির্মাণকাজ তদারকিতে গিয়েছিলাম। আমরা আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। বাকিদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত