ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজের প্রথম ম্যাচেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই আলো কাড়লেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশের দলের ওয়ানডে অধিনায়কের জ্বলে ওঠার দিনে টানা তৃতীয় জয় পেয়েছে তার দল আবাহনী লিমিটেড।
বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়নকে ১৪ রানে হারায় আবাহনী। আগে ব্যাট করে ৬ উইকেটে ২৩৬ রান করে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে ৮ উইকেটে ২২২ রানে থামে ব্রাদার্স।
নিউজিল্যান্ড সফর থেকে ফিরে পরিবার নিয়ে ছুটি কাটাতে ভারত গিয়েছিলেন মাশরাফী। যে কারণে লিগের প্রথম দুই রাউন্ড খেলতে পারেননি। তৃতীয় রাউন্ডে ফিরলেন। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্বভার ছিল মোসাদ্দেক হোসেনের কাঁধে।
আবাহনীর জয় তুলে নেওয়ার দিনে ব্যাট হাতে ১৫ বলে ১ ছক্কা ও ৩ চারে অপরাজিত ২৬ রান করেন মাশরাফী। পরে বল হাতে নেন দুই উইকেট। শিকার বানান জুনায়েদ সিদ্দিকি ও মোহাম্মদ শরিফকে।
এ ছাড়া তার নামের পাশে যোগ হয় একটি রানআউটও। ব্রাদার্স ওপেনার মিজানুর রহমানকে রানআউটের ফাঁদে ফেলে উইকেট আবাহনীর উৎসব শুরু করেন মাশরাফীই।
আবাহনীর হয়ে ফিফটি পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেনও। সাইফউদ্দিন অপরাজিত ৫৬, মোসাদ্দেক ৫৪ ও নাজমুল হোসেন শান্ত করেন ৪৪ রান। সাইফউদ্দিন একটি উইকেটও নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। বৃথা গেছে ব্রাদার্সের ইয়াসির আলির অপরাজিত সেঞ্চুরি। ১১২ বলে ১০৬ রান করেছিলেন ইয়াসির।
