প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিজয়ী প্রার্থীদের সঙ্গে দেখা করবেন। শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র।
ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
ডাকসুর মোট ২৫টি পদের বেশির ভাগেই জয় পেয়েছে ছাত্রলীগ। ১৮টি হল সংসদের বেশির ভাগেও ভিপি-জিএস পদে জয়ী হয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।
২৮ বছর পর সোমবার ডাকসুর ২৫ পদের পাশাপাশি হল ছাত্র সংসদের ১৩ পদে ভোট দেন শিক্ষার্থীরা। ভোটগ্রহণের পর গণনা শেষে একে একে হল সংসদগুলোর ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। সব হলের ফল ঘোষণার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় সংসদ অর্থাৎ ডাকসুর ফল ঘোষণা করা হয়।
তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বামজোটসহ কোটা সংস্কার আন্দোলন এবং স্বতন্ত্র প্যানেল ফল প্রত্যাখ্যান করে। তাদের পক্ষ থেকে তিনদিনের আল্টিমেটাম দেওয়া হয়। যা শেষ হবে শনিবার। নুরুল হক নুরও আন্দোলনে থাকার ঘোষণা দেন।
