আধুনিক জীবন যাপনে অনেক বদভ্যাস রপ্ত করেছি আমরা। এ কারণে প্রায়ই নানা ধরনের শারীরিক অসুস্থতার শিকার হতে হয়। যার সাধারণ প্রবণতা হলো শরীরে বিশেষ করে পেটে চর্বি জমা। মানবদেহে সবচেয়ে তাড়াতাড়ি চর্বি জমে পেটে। যার থেকে সৃষ্টি হয় নানা রোগের। হার্টের সমস্যা, ডায়াবেটিস, রক্তচাপের মতো অসুখের সূত্র পেটের চর্বি থেকেই।
ফাস্টফুডকে না বলুন : আধুনিক জীবন খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। সারা দিনে ঘুরতে ফিরতে বা কাজের ফাঁকে কিছু না কিছু খাওয়া হয়ে থাকে। সহজলভ্য ও সহজে খাওয়ার বিবেচনায় আমরা সাধারণত ফাস্টফুড বেছে নিই। কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয়।
বেশি করে ফল খান : দেশি ফল, বাদাম ও সালাদ গ্রহণ করতে পেটের চর্বি অনেকটাই কমে। তাছাড়া দই খেতে পারেন। এতে থাকা ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে। ফলে পেটে মেদ বৃদ্ধির সুযোগ হয় না।
কোমল পানীয় নয় : আধুনিক জীবনযাত্রার সঙ্গে কোমল পানীয়ের সম্পর্ক রয়েছে। অনেকে আছেন
তৃষ্ণা পেলেই সাধারণ পানির বদলে সফট ড্রিংকস পান করেন। যা শরীরে চর্বি জমাতে ওস্তাদ। তাই কোমল পানীয়ের বদলে সাদা পানি ও চিনি ছাড়া জুস খেতে পারেন।
হাঁটাচলা করুন : কাজ করার সময় একভাবে অনেকক্ষণ বসে থাকলেও পেটের চর্বি বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এক থেকে দেড় ঘণ্টা পর পর চেয়ার থেকে উঠে খানিক হাঁটাচলা করা উচিত।
খাবারে অনিয়ম নয় : অনেকে ডায়েট করতে গিয়ে খাওয়া কমিয়ে দেন, দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকেন। চিকিৎসকরা বলেন, খাবারের পরিমাণ কমালে সমস্যা নেই। কিন্তু বেশিক্ষণ না খেয়ে থাকলে পেটে চর্বি জমতে পারে। তাই খাবারে অনিয়ম করা যাবে না।
