সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০১:০৬ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার সভাপতি খালেদ হোসেন, সহসভাপতি নেয়ামুল আহসান পাভেল, সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, সাংবাদিক শামীম আল সাম্য, আবুল কালাম আজাদ, জহুরুল ইসলাম, বিমল কুমার সরকার, সিরাজুল ইসলাম রতন, রবিন সেন, রওশন আলম পাপুল ও নাদিম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ৬ মার্চ গোবিন্দগঞ্জে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে মেরে আহত করা হয় স্থানীয় সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে।  বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত