চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের নতুন স্মার্টফোনে ক্যামেরার ‘সুপার জুমে’ তাজ্জব গ্যাজেট ওয়ার্ল্ড। সদ্য ফাঁস হয়েছে হুয়াওয়ের পি-৩০ প্রো ক্যামেরায় তোলা ছবি। যার জুম ক্ষমতা পেরিস্কোপ লেন্সের মতো। আগামী ২৬ মার্চ প্রথমে ফ্রান্সের বাজারে যাত্রা শুরু করবে এই স্মার্টফোনটি। ছবিটা যেখান থেকে ফাঁস হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, ‘এটি প্রি প্রোডাকশন ডিভাইস’।
যে শটের ছবি শেয়ার করা হয়েছে, সেই ছবিতে দেখা যাচ্ছে, সর্বশেষ জুমে তোলা ছবিতে রয়েছে একাধিক নয়েজ, কিন্তু ছবি স্পষ্ট। সাধারণ শট এবং জুম করে তোলা ছবির ক্ষেত্রে একই ধরনের আলো এবং রং বজায় রাখতে পারে এই ফোন।
হুয়াওয়ে নিশ্চিত করেছে তাদের আপকামিং ফোনে থাকছে পেরিস্কোপ স্টাইল ক্যামেরা লেন্স, যা দিয়ে সম্ভব সুপার জুম। অ্যান্ড্রয়েডের এক রিপোর্টে প্রকাশিত হয়েছে, হুয়াওয়ের বিশ^ প্রোডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট ক্লিমেন্ট ওং জানান, ফোনে থাকবে সুপার জুম সেন্সর, যা দিয়ে কম আলোতেও নিখুঁত ছবি তোলা সম্ভব।
বেশ কয়েক দিন আগে ফাঁস হয়েছিল ফোনের ক্যামেরার স্পেসিফিকেশন। যেখানে উল্লেখ করা হয়, ফাইভ-এক্স অপটিক্যাল জুম থাকবে ফোনটিতে। কিন্তু এদিকে স্যামসাংয়ের গ্যালাক্সি এস১০ ফোনে এর আগেই এসে পৌঁছে গেছে টেন-এক্স অপটিক্যাল জুম।
ওং-এর বক্তব্য অনুযায়ী, পি৩০ প্রো ক্যামেরার তৃতীয় সেন্সর হবে পেরিস্কোপ স্টাইল। তিনি নিশ্চিত করেছেন যে, ফোনটিতে ‘সুপার-জুম’ ক্ষমতা থাকবে, তবে কতটা জুম করতে পারবে তা জানাননি।
ধারণা করা হচ্ছে, ফোনে থাকবে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি + ওএলইডি ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। ফোনে থাকবে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের সঙ্গে চলবে কিরিন ৯৮০ প্রসেসর।
উল্লেখ্য, বর্তমানে স্মার্টফোনের বাজারে দুই নম্বর অবস্থানে আছে হুয়াওয়ে। এক নম্বর অবস্থানটি দখল করে আছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। তীব্র প্রতিযোগিতার মধ্যে এ দুটি কোম্পানি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
