জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আগামীকাল রবিবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন। এদিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতাকে শ্রদ্ধা জানাবেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ ছাড়া জাতীয় গ্রন্থকেন্দ্র ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো এক বার্তায়
জানানো হয়েছে, আগামীকাল রবিবার সকাল ৯টা ১০ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ৯টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি। সকাল ১০টায় রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তিন বাহিনী কর্র্তৃক গার্ড অব অনার প্রদান করা হবে। পরে রাষ্ট্রপতি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। সকাল ১০টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
অপরদিকে, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস. এম. খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, আগামী রবিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ৯টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তিন বাহিনী কর্র্তৃক গার্ড অব অনার প্রদান করা হবে। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা ব্র্র্র্র্যান্ডিংয়ের লোগোর রেপ্লিকা উপহার হিসেবে গ্রহণ, ‘বঙ্গবন্ধুকে লেখা চিঠি’ গ্রন্থের মোড়ক উন্মোচন, বঙ্গবন্ধুকে লেখা শ্রেষ্ঠ চিঠি পাঠ, সেলাই মেশিন বিতরণ, ‘আমার কথা শোন’ শীর্ষক ভিডিও প্রদর্শন, জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় যোগদান ও প্রধান অতিথির ভাষণ প্রদান, কাব্যনৃত্যগীতি আলেখ্যানুষ্ঠান উপভোগ, শিশুদের ফটোসেশনে অংশগ্রহণ এবং বইমেলা উদ্বোধন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আঁকা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন।
দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী নিজ বাসভবনে অবস্থান করবেন। পরে বেলা ৩টায় তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা করবেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান জানান, বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ সাইদুর রহমান খান বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
