‘রাণী রাসমনি’র বিপরীতে আরিফিন শুভ

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১১:১৫ এএম

কলকাতার নতুন ছবিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে। তার বিপরীতে থাকছেন কলকাতার জনপ্রিয় বাংলা সিরিয়াল রাণী রাসমনির ‘রাণী’ অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

ছবিতে অপু চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। ছবির নাম 'অভিযাত্রিক'। 'পথের পাঁচালি' কিংবা 'অপুর সংসার'-এর মতো এই অভিযাত্রিকের সঙ্গেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'অপরাজিত' উপন্যাসের যোগ আছে।

১৯৫৯ সালে 'অপুর সংসার' ছবিতে ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল অপুকে। এবার সেই ছেলে কাজলের হাত ধরে ঘরে ফিরবে অপু। এই ছবিতে অপু ও তার ৬ বছরের ছেলে কাজলের সম্পর্কের ছবিই আঁকা হবে। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসের শেষটুকু নিয়ে এই ছবি বানাতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র।

ছবিটির প্রযোজনা সংস্থা গৌরাঙ্গ ফিল্মসের তরফে এই 'অভিযাত্রিক' ছবিটির কথা ঘোষণা করা হয়।

ছবিতে অপর্ণার ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। পাশাপাশি লিলার ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায় রাণুদির চরিত্রে শ্রীলেখা মিত্র ও রাণুর দিদির ভূমিকায় সোহাগ সেন। পাশাপাশি অপুর বন্ধুর ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।

এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ, কস্টিউম ডিজাইন করছেন অগ্নিমিত্রা পাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত