বিশ্বকাপের পর ওয়ানডে থেকে বিদায় ডুমিনির

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০২:২০ পিএম

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন জেপি ডুমিনি। বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিবেন বলে জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা অলরাউন্ডার।

সে হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে শনিবার শেষ ওয়ানডে খেলতে নামবেন ডুমিনি। ক্যাপটাউনের নিউল্যান্ডে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে প্রোটিয়ারা। এরপর বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর কোনো ওয়ানডে সিরিজ নেই তাদের।

৫০ ওভারের ক্রিকেটকে বিদায় বললেও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাবেন ৩৪ বছর বয়সী ডুমিনি।

এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানান এ ব্যাটিং অলরাউন্ডার। ওয়ানডে থেকে বিদায় নিতে বিশ্বকাপকেই যথার্থ সময় হিসেবে দেখছেন ডুমিনি।

“যদিও এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ নয়। একই সঙ্গে এটাও মনে করেছি, এটাই যথার্থ সময়। আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি চালিয়ে যাব আমি। তবে সেখানে প্রাধান্য পাবে আমার পরিবার, কারণ তারাই সবার আগে।”

২০০৪ সাল কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলে অভিষেক হয় ডুমিনির। এখন পর্যন্ত ১৯৩ ওয়ানডে খেলা ডুমিনি ৩৭.৩৯ গড়ে করেছেন ৫ হাজার ৪৭ রান। ব্যাটিংয়ের সঙ্গে বল হাতে নিয়েছেন ৬৮ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত