নন্দিত অভিনেত্রী জয়া আহসানের ভক্তের সংখ্যা যেমন অগণিত, তেমনি তার নিন্দুকের সংখ্যাও কম নয়। ফলে জয়া আহসানের কোনো কাজ প্রশংসিত হওয়ার পাশাপাশি সমালোচিত হওয়াটাই স্বাভাবিক। এবার জয়া আলোচিত হয়েছেন তার অভিনীত চলচ্চিত্র দেবীর জন্য। প্রশংসায় ভেসেছেন দীর্ঘদিন। সেই রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় এলেন তিনি। নতুন কাজ, নতুন ফটোশুট, আর বিয়ে প্রসঙ্গে আবারও পত্রিকার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন জয়া আহসান। তার নানামাত্রিক অভিনয় নিয়ে যেমন প্রশংসা করছে ভক্তরা তেমনি গতকাল থেকে তার একটি নতুন ফটোশুটের ছবি সামনে আসায় সমালোচনারও শিকার হয়েছেন তিনি। ছবিগুলো আপাত নির্দোষ হলেও তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন কেউ কেউ।
১৫ মার্চ ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এর বিনোদন ও লাইফ স্টাইল ভিত্তিক ম্যাগাজিন ‘ইনডালজ’ এ জয়াকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যে প্রতিবেদনে নানা বিষয় নিয়ে কথা বলেন জয়া। সেই প্রতিবেদনের জন্য জয়া একটি ফটোশুটে অংশ নেন। ফটোশুটে জয়া বেশ আবেদনময়ী হয়ে হাজির হয়েছেন। সেই ফটোশুটে জয়ার গ্ল্যামারার্স উপস্থিতি তার ভক্তদের মুগ্ধ করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিগুলো নিয়ে বিরূপ মন্তব্য করা হচ্ছে। কারণ বাংলাদেশে জয়াকে এর আগে এতটা খোলামেলাভাবে দেখা যায়নি। ফলে জয়ার সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকেই সমালোচনা করছেন।
এদিকে ইনডালজ এর প্রতিবেদনে জয়াকে বক্স কুইন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জয়ার কাজ ও ব্যক্তিগত নানা বিষয় তুলে ধরেছে পত্রিকাটি। জয়া সেখানে নিজের পছন্দ অপছন্দের কথাও জানিয়েছেন। জয়া বলেন, অবসর সময় তার পোষা কুকুর ক্লেওর সঙ্গে কাটাতে পছন্দ তার। শুটিংয়ের ব্যস্ততা না থাকলে নিজের মধ্যে থাকেন তিনি। নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। বাগানের যত্ন নেন। নিজের আরও অনেক কিছু। কাজের বাইরের এ সময়টাতে গণমাধ্যম থেকে দূরে থাকতেই পছন্দ বলে জানান জয়া।
এসেছে জয়ার প্রেম ও বিয়ের প্রসঙ্গও। প্রেম সংক্রান্ত প্রশ্নের জবাবে জয়া জানিয়েছেন, কাজের চাপে তার প্রেম করার মতো যথেষ্ট সময় নেই। এরপরেই প্রশ্ন এসেছে তবে কি বিয়ের কথা ভাবছেন জয়া? বিয়ে প্রসঙ্গে জয়া বলেন, ‘এখনই বিয়ের কথা ভাবছি না। বিয়ে পরেও করা যাবে। এত দ্রুত আমি ঘরোয়া পরিবেশে নিজেকে বন্দী করতে চাচ্ছি না। আমি আরও কাজ করতে চাই। পরিবার থেকে অবশ্য বিয়ের চাপ আসছে। কিন্তু আমি না শোনার ভান করে বসে থাকি।’
কেমন জীবন সঙ্গী চান সে বিষয়েও নিজের মতামত জানিয়েছেন জয়া। তিনি বলেন, ‘আমি চেহারাকে এত গুরুত্ব দেই না। আমার জীবনসঙ্গীকে অবশ্যই বিচক্ষণ, অনুভূতিশীল এবং প্রতিশ্রুতিশীল মানুষ হতে হবে। একজন সৃজনশীল ব্যক্তিকে কদর করার মতো মন-মানসিকতা থাকতে হবে তার।’
