৬৩ হাজার কোটি টাকা দান করলেন প্রেমজি

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১২:১০ এএম

ভারতের দ্বিতীয় সেরা ধনী ব্যক্তি আজিম প্রেমজি সমাজসেবায় ৭৫০ কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৬৩ হাজার কোটি টাকারও বেশি। ভারতের ইতিহাসে এত বিপুল পরিমাণ অর্থ-সম্পদ দানের ঘটনা দ্বিতীয়টি নেই।

আজিম প্রেমজি টেক কোম্পানি উইপ্রো গ্রুপের বিলিয়নিয়ার চেয়ারম্যান। ভারতের তৃতীয় শীর্ষ সফটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান উইপ্রো লিমিটেড। সমাজসেবায় প্রেমজি একটি ফাউন্ডেশন গঠন করেন। উইপ্রোর ৩৪ শতাংশ শেয়ার তিনি ওই ফাউন্ডেশনকে দান করে দিচ্ছেন। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৫৩ হাজার কোটি রুপি। ৭৩ বছর বয়সী আজিম প্রেমজি ব্লুমবার্গের বৈশ্বিক বিলিয়নিয়ার তালিকায় ৫১ নম্বরে রয়েছেন। তার সম্পদের পরিমাণ এক হাজার ৮০০ কোটি ডলার।  শিক্ষা বিস্তারে ভারতে অনেক দিন ধরেই কাজ করছে আজিম প্রেমজি ফাউন্ডেশন। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আজিম প্রেমজির ফাউন্ডেশন দেশটির শিক্ষা খাত উন্নয়নে সরাসরি কাজ করে। এছাড়া ১৫০টির বেশি অলাভজনক সংস্থাকে সহায়তা দেয় ফাউন্ডেশনটি। এসব অলাভজনক সংস্থা সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ভারতীয়দের শিক্ষার জন্য সহায়তা করে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানে পেশাদারদের উন্নয়নে বেঙ্গালুরুতে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, কয়েক বছর ধরে টেক টাইকুন উইপ্রোর ৬৭ শতাংশ মালিকানাসহ আজিম প্রেমজি ফাউন্ডেশনকে ২১০ কোটি ডলার দান করেছে। বার্তা সংস্থা সিএনএন জানায়, ২০১৮ সালে ভারতের শীর্ষ ধনী ব্যক্তিরা যে পরিমাণ অর্থ দান করেছেন, প্রেমজি একাই করেছেন তার ৮০ শতাংশ।

১৯৪৫ সালে ভেজিটেবল অয়েল উৎপাদনের মাধ্যমে প্রেমজির বাবার হাতে

জন্ম নেয় উইপ্রো। ১৯৮০ সালে প্রেমজির নেতৃত্বে যুক্ত হয় টেকনোলজি ইন্ডাস্ট্রি। তখন থেকেই ভারতের অন্যতম শীর্ষ আইটি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা

পায় উইপ্রো। বর্তমানে গ্রুপটিতে কর্মরত জনবল এক লাখ ৬০ হাজার, বিশ্বব্যাপী ক্রেতা ১ হাজার ২০০।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত