উপজেলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে তার নির্বাচনী এলাকা (গাইবান্ধা-৫) ত্যাগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় ডেপুটি স্পিকারকে এ নির্দেশ দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি।
ইসির প্রজ্ঞাপনে বলা হয়, বিধিবহির্ভূতভাবে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করায় ডেপুটি স্পিকারকে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে তার নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধিমালা অনুযায়ী, সরকারি
সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি কর্মচারীরা নির্বাচন-পূর্ব সময়ে এলাকায় প্রচারণা বা নির্বাচনী কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি কেবল তার ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্রে যেতে পারবেন।
ইসির নির্দেশ পাওয়ার পর শনিবার সন্ধ্যায় ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন তার এপিএস এস এম শরীফুল মাজু।
সাংসদ কমলকে এলাকা ত্যাগের নির্দেশ এদিকে গতকাল শনিবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে একই অভিযোগে কক্সবাজার ৩ আসনের সাংসদ সাইমুম সারওয়ার কমলকে তার নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার বিকেল ৫টার মধ্যে তাকে এলাকা ছাড়তে বলেছে ইসি।
