এপিডিইউর পূর্ণ সদস্য বিএনপি, ভাইস চেয়ারম্যান ফখরুল

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০৩:২৩ এএম

ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের আঞ্চলিক সংগঠন এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের (এপিডিইউ) স্থায়ী সদস্য হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে সংস্থাটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এপিডিইউর পক্ষ থেকে গত শুক্রবার এক চিঠি দিয়ে মির্জা ফখরুলকে এ তথ্য জানানো হয়।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, এপিডিইউর নির্বাহী সেক্রেটারি অস্ট্রেলিয়ার ব্রুস অ্যাডওয়ার্ডস গত শুক্রবার এক চিঠিতে বিএনপিকে সহযোগী সদস্য থেকে পূর্ণ সদস্য করেছেন। চিঠিতে বলা হয়, শ্রীলঙ্কার

 রাজধানী কলম্বোতে এপিডিইউ আয়োজিত দুই দিনব্যাপী এক সম্মেলনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। তার সঙ্গে ভাইস চেয়ারম্যান হয়েছেন কানাডার তেনজিন খাংসার ও মালদ্বীপের হাসান লতিফ। এপিডিইউর চেয়ারম্যান হয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, ডেপুটি চেয়ারম্যান হয়েছেন নিউজিল্যান্ডের রাজনীতিক পিটার গুডফেলো। ট্রেজারার হিসেবে অস্ট্রেলিয়ার টিনা ম্যাককুইন ও ব্রুস অ্যাডওয়ার্ডস নির্বাহী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

মির্জা ফখরুল দেশ রূপান্তরকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি এই আন্তর্জাতিক সংস্থার একমাত্র পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করেছে। দলের মহাসচিব হিসেবে তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএনপি সংগঠনের সহযোগী সদস্য ছিল। প্রায় নয় বছর আগে পূর্ণ সদস্য হতে আবেদন করেছিল।

তিনি জানান, এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো সংস্থার সদস্য পদের জন্য আবেদন করে থাকে। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান এটি। এ সংস্থার মূল উদ্দেশ্য হলো, বিভিন্ন দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশ নিয়ে কাজ করা।

বিএনপি নেতারা জানান, কলম্বোতে আয়োজিত দুদিনের সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর অংশগ্রহণ করার কথা ছিল। তিনি ভারত হয়ে শ্রীলঙ্কা যেতে চেয়েছিলেন। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও তাকে ফেরত পাঠানো হয়। পরে লন্ডনে অবস্থারত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত