শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবার অস্ত্র নিয়ে শিল্পপতির দেহরক্ষী

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০৩:২৬ এএম

ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করায় এবার গ্রেপ্তার হয়েছেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের দেহরক্ষী এস এম নুরুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে অভ্যন্তরীণ টার্মিনালের প্রবেশপথে স্ক্যানিং মেশিনে তার শটগান ধরা পড়ার পর তাকে গ্রেপ্তার করে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এফসেক) সদস্যরা। এ সময় প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মুহিদুর রহমান উপস্থিত ছিলেন।  

এর আগে গত ১১ মার্চ ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে শাহজালালে প্রবেশের অভিযোগে যশোরের আওয়ামী লীগ নেতা মেহেদী মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের পরিচালক উইং কমান্ডার নুরে আলম সিদ্দিক দেশ রূপান্তরকে জানান, গতকাল বিকেলে   পৃষ্ঠা ১১ কলাম ৪ >

এবার অস্ত্র নিয়ে শিল্পপতির দেহরক্ষী নভোএয়ারের একটি ফ্লাইটে যশোর যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন নুরুল ইসলাম। অস্ত্রের বিষয়ে ঘোষণা না দিয়েই স্ক্যানিং মেশিনে তিনি হ্যান্ড লাগেজ তুলে দেন। স্ক্যানিংয়ে ব্যাগে অস্ত্র ধরা পড়লে তাকে নিরাপত্তাকর্মীরা ডেকে নেন। তিনি নিজেকে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের দেহরক্ষী পরিচয় দেন। ব্যাগের অস্ত্রের বিষয়ে ঘোষণা দেননি কেনÑ জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। নিয়ম না মেনে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশ করায় নুরুল ইসলামকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় প্রাপ্ত খেলনা পিস্তলের তদন্ত শেষ না হতেই ৫ মার্চ লাইসেন্স করা পিস্তল নিয়ে শাহজালাল বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ নিয়ে বিতর্ক শেষ না হতেই গত ৮ মার্চ শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম চেকিং পার হওয়ার পর নিজের সঙ্গে অস্ত্র থাকার কথা স্বীকার করেন মামুন আলী নামে এক যাত্রী। পরবর্তী সময়ে মামুন পিস্তল ও গুলি এয়ারলাইন্সের মাধ্যমে নিয়ম মেনে সঙ্গে করে সিলেটে নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত