সংসদ সদস্যকে অবরুদ্ধ করার আদেশ ইসির

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:০৩ পিএম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনের সরকারদলীয় সংসদ সদস্য জাফর আলমকে বাড়িতে অবরুদ্ধ করে রাখার জন্য আদেশ দিয়েছেন নির্বাচন কমিশন। পাশাপাশি তাকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে রবিবার কমিশনের উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এক পত্র দেওয়া হয়েছে।   

চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এমপি জাফর আলমকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখার জন্য আদেশে বলা হয়েছে।

রবিবার রাত সাড়ে ৯ টার দিকে মুঠোফোনে তিনি জানান, নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী আমরা পুলিশ-বিজিবিসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নিয়ে জাফর আলমকে অবরুদ্ধ করে রাখতে তার বাড়ির দিকে যাচ্ছি।

কমিশনের নির্দেশনায় আছে, উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম সাঈদী বিষয়টি নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের জারিকৃত দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী সোমবার চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত