ঝিনাইদহে বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:২২ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় হাটগোপালপুর বাজারে দুটি ওষুধের দোকানসহ ৪/৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনার জের ধরে গতকাল রবিবার সকালে ৫/৬টি বাড়িঘর ভাঙচুর করে একপক্ষ।

গত শনিবারের ঘটনায় হামলাকারীরা বাজারের পর গ্রামে গিয়ে জেলা পরিষদ সদস্য ইমাজুল হক, আশরাফুল ইসলাম, কামাল হোসেন, হাফিজুর রহমান তোতা, শমসের আলী, গোলাম বারী রেজাউল ইসলাম, সাদ্দাম হোসেন মনিরুল ইসলামসহ অন্তত ৯ বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আনোয়ার হোসেন আনারের একটি ঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশবাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১২ মার্চ উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার রাতে বিকাশ বিশ্বাসের সমর্থকরা লিটুর সমর্থকদের বাড়িঘর, দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় তারা আনোয়ার হোসেন আনার নামে এক ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার জের ধরে গতকাল রবিবার সকালে লিটু চেয়ারম্যানের সমর্থকরা সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ^াসের সমর্থকদের ৫/৬টি বাড়িঘর ভাঙচুর করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত