রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) আবাসন মেলায় ক্রেতাদের বেশ সাড়া মিলেছে। গতকাল রবিবার আবাসন মেলার শেষ দিনে গ্রাহক ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চার দিনব্যাপী এ মেলায় গ্রাহকরা ৩৭৫ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বুকিং দিয়েছেন। চট্টগ্রাম নগরের পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লু চিটাগাং বে-ভিউতে গত বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলায় এবার গ্রাহকদের নানা অফার দিয়ে আবাসন প্রতিষ্ঠান, বিল্ডিং ম্যাটেরিয়ালস, ব্যাংক, অর্থলগ্নিকারীসহ নানা ধরনের মোট ৭৬ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘গ্রাহকদের প্লট ও ফ্ল্যাট কেনায় আগ্রহ বাড়াতেই প্রতি বছর আবাসন মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় ৫০০ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বিক্রির লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্যমাত্রা পূরণ না হলেও এবারের মেলায় বিভিন্ন আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের ৩৭৫ কোটি টাকার বেশি প্লট ও ফ্ল্যাট বিক্রি হয়েছে। এবারের মেলায় ১২ হাজার দর্শনার্থী এসেছে। মেলায় আবাসন কোম্পানিগুলোর আকর্ষণীয় অফার গ্রাহকদের আকৃষ্ট করেছে। এই মেলার মাধ্যমে গ্রাহকরা ইচ্ছে ও সাধ্য অনুযায়ী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ফ্ল্যাট ও প্লট কিনতে পারছে।’ গতকাল আবাসন মেলার শেষ দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্ল্যাট নিয়ে গ্রাহক ও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। মেলায় অংশ নেওয়া স্বনামধন্য স্টলগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন কোম্পানির বিভিন্ন আবাসন প্রকল্পের অবস্থান, ফ্ল্যাটের আকার, মূল্য, মেলার অফারÑ এসব বিষয়ে নানা তথ্য-উপাত্ত জেনে নিচ্ছিলেন মেলায় যাওয়া বেশিরভাগ দর্শনার্থী। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড, স্যানমার প্রপার্টিজ লিমিটেড, ইক্যুইটি, ফিনলে, এএনজেড, শেঠ প্রপার্টিজ, র্যাঙ্কস এফসি, এপিক, এয়ারবেলসহ বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানে গ্রাহকরা ফ্ল্যাটের বিভিন্ন সুযোগ সুবিধা জানতে স্টলে ভিড় করেছেন। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার মো. হেলাল উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, মেলায় রূপায়ণ সিটি উত্তরা ব্যাপক সাড়া ফেলেছে। কমার্শিয়াল ফ্ল্যাটসহ এবারের মেলায় ২০ কোটি টাকার ফ্ল্যাট বিক্রি হয়েছে। মূলত মানসম্পন্ন ফ্ল্যাট তৈরির কারণে গ্রাহকরা রূপায়ণ হাউজিংকে বেছে নিচ্ছে। স্যানমারের জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘এবারের মেলায় গ্রাহকরা ফ্ল্যাটের নানা তথ্য-উপাত্ত জেনে ক্রয়ে আগ্রহী হয়েছেন। গ্রাহকরা মাঝারি আকারের ফ্ল্যাটেই আগ্রহ দেখাচ্ছেন।’
সিপিডিএলের ম্যানেজার রনজিত ভট্টাচার্য জানান, নগরের পাঁচলাইশ, মেহেদীবাগ এলাকার সিপিডিএলের প্রজেক্টে গ্রাহকদের আগ্রহ বেশি ছিল। এবারের মেলায় প্রায় ১২ কোটি টাকার ফ্ল্যাট বিক্রি হয়েছে। মেলার শেষ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ছিলেন।
