মরদেহ আনতে পরিবারের একজন যাবেন নিউজিল্যান্ড

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০১:৪৬ এএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরে প্রতি পরিবারের একজন সদস্যকে সেখানে নেবে দেশটির সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল রবিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিউজিল্যান্ড সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারকে এ তথ্য জানানো হয়েছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্ত করার কাজ শেষে আগামী বুধবারের মধ্যে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হামলায় মোট চার বাংলাদেশি নিহত হয়েছেন বলে স্থানীয় কমিউনিটির কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ড. আবদুস সামাদ ও হোসনে আরা আহমেদের পরিচয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের পুলিশ। লিংকন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৃষিবিদ সামাদকে তার পরিবার ক্রাইস্টচার্চেই দাফন করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে তার বড় ছেলে সেখানে যাবেন।

নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান জানান, আহত অবস্থায় যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে লিপি নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তার আরেক দফা অস্ত্রোপচার করা হতে পারে। তবে পায়ে গুলিবিদ্ধ মুতাসসিম ও শেখ হাসান রুবেল এখন শঙ্কামুক্ত।

জরুরি প্রয়োজনে +৬৪২১০২৪৬৫৮১৯ নম্বরে ফোন করে অনারারি কনসালের সঙ্গে যোগাযোগ করা যাবে। এ ছাড়া +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫ নম্বরে ফোন করেও পাওয়া যাবে তথ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত