এইচএসসি পরীক্ষার্থীসহ সড়কে নিহত ৩

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০২:৩৩ এএম

মাগুরা, সাভার ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রবিবার পৃথক এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরেÑ

মাগুরা : সদর থানার এসআই মোহাম্মদ পারভেজ জানান, মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি ট্রাক দুপুর ১টার দিকে মালিকগ্রাম এলাকায় এসে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের     

 সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী অনিক শেখ (১৮), তার স্ত্রী সুমাইয়া সুলতানাসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় অনিকের মৃত্যু হয়। তিনি সদর উপজেলার শিবরামপুর গ্রামের জিবলু শেখের ছেলে। মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

সাভার : গতকাল ভোরে আমিনবাজার এলাকায় ট্রাকচাপায় ওয়ালিদ চৌধুরী (২৭) নামে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি রাজধানীর পল্লবী এলাকার আলমগীর হোসেনের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেন।

সিরাজগঞ্জ : রায়গঞ্জ থানার এসআই খাদেমুল ইসলাম জানান, পৌর এলাকার মকিমপুর তিন রাস্তার মোড়ে গতকাল বেলা ১১টার দিকে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৩২) নামে এক নারী নিহত হন। তিনি উপজেলার চাঁদপুর গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত