সোনারগাঁয়ে ইভটিজিংয়ের দায়ে তিন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে সোনারগাঁ পৌরসভার জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের সামনে ছাত্রীদের ইভটিজিং করার সময় তিন বখাটেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বখাটে যুবকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর এলাকার আমিনপুর গ্রামের ছোবহানের ছেলে মো. শাহীন (২০), মাইন উদ্দিনের ছেলে শিমুল (২১) ও দিঘীরপাড় গ্রামের মোক্তার হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (২০)।
সোনারগাঁ থানার এস আই আবুল কালাম আজাদ জানান, পানাম এলাকায় ছাত্রীদের ইভটিজিং করার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহীনকে তিন মাসের, শিমুলকে চার মাসের ও আব্দুল্লাহকে তিন মাসের সাজা প্রদান করেন।
