নেদারল্যান্ডসের ইউট্রেক্ট শহরে একটি ট্রামে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকের এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৯ জন। শহরের পুলিশ বলছে, ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলে সন্দেহ করছে তারা।
এ ঘটনার জন্য পুলিশ ৩৭ বছর বয়সী এক তুর্কি গোকমেন টানিসকে খুঁজছে। তাকে দেখতে পেলে কেউ যেন তার দিকে না যায়Ñ সেজন্য পুলিশ সবাইকে সতর্ক করে দিয়েছে। নেদারল্যান্ডসে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ত্রাস দমন পুলিশ গোকমেন টানিসের সন্ধানে অভিযান চালাচ্ছে।
সন্ত্রাস দমন বিষয়ক সমন্বয়কারী পিয়েটার জাপ আলবার্সবার্গ বলেন, এটি যে একটি সন্ত্রাসবাদী হামলা সেই সন্দেহ তারা বাদ দিচ্ছেন না। ‘এখনো অনেক বিষয় পরিষ্কার নয়। সব তথ্য জানার জন্য স্থানীয় কর্র্তৃপক্ষ জোরেশোরে কাজ করছে।’ তিনি জানান, গুলি চালানোর ঘটনা বেশ কয়েকটি জায়গায় ঘটেছে। তবে বিস্তারিত জানাননি কোন কোন জায়গা থেকে তারা গুলির খবর পেয়েছেন।
প্রধানমন্ত্রী মার্ক রুটে এই ঘটনাকে খুবই উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। তিনি এটিকে নেদারল্যান্ডসের ‘সভ্য এবং মুক্ত সমাজের’ ওপর হামলা বলে বর্ণনা করেন। ইউট্রেক্ট শহরের যে জায়গায় ট্রামের ওপর হামলা হয়, তার কাছাকাছি একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। কিন্তু সেখান থেকে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
এ ঘটনার মাত্র তিন দিন আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়। এখনো গুলিবিদ্ধ প্রায় ৩৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। ব্রেন্টন ট্যারান্ট নামে এক অস্ট্রেলীয় উগ্র বর্ণবাদী একাই দুই মসজিদে বন্দুক হাতে হামলা চালিয়ে এত মানুষকে হতাহত করে। বিবিসি, আলজাজিরা।
