ভোটবিমুখতায় ক্ষতি হচ্ছে গণতন্ত্রের

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০৩:৪৯ এএম

বিগত জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে একতরফা নির্বাচন হয়েছে, এরপর তো আর ভোট দিতে মানুষের আগ্রহ থাকার কথা নয়। গেল কয়েক মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনেই কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল না। উপরন্তু একতরফা নির্বাচন, কারচুপি, ভোটের আগের রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখাসহ নানা অভিযোগ এসেছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য এক নির্বাচন কমিশনার তো পরোক্ষভাবে স্বীকার করেই নিয়েছেন যে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার ঘটনা ঘটেছে। এরপর নির্বাচনে ভোট দেওয়ার কারও আগ্রহ থাকে না। আগে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিত। কিন্তু গত কয়েক মাসের নির্বাচনে বিপরীত চিত্র দেখা গেছে। নানা কারণেই নির্বাচনের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে।   

নির্বাচনে জাল ভোট দেওয়া, ব্যালট বাক্স ছিনতাই, মারামারি এসব অভিযোগ আগেও ছিল। কিন্তু তা হতো বিচ্ছিন্নভাবে। এখন অনেকটা অর্গানাইজডভাবেই অনিয়মগুলো হচ্ছে। এখন ভোট শান্তিপূর্ণ হচ্ছে; কিন্তু অনিয়মের অভিযোগও পাওয়া যাচ্ছে ব্যাপকভাবে। আবার প্রার্থীদের বড় একটা অংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে। এতে করে ভোটারদের স্বাভাবিক উৎসাহ কমে যাচ্ছে।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট অনেকটাই সরকারের আন্তরিকতার ওপর নির্ভর করে। নির্বাচন নিয়ে গত কয়েক মাসে যে চিত্র দেখেছি তাতে এখন সরকার যদি না চায়, তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট সম্ভব হবে না। 

গণতন্ত্রের শুরুটা হয় কিন্তু স্থানীয় পর্যায় থেকেই। কিন্তু যেভাবে নির্বাচন হচ্ছে তাতে গণতন্ত্রের স্বাভাবিক চর্চাটাও হচ্ছে না। স্থানীয় পর্যায় থেকে নেতৃত্ব গড়ে ওঠার যে প্রক্রিয়া, সেটিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এভাবে রাজনৈতিক নেতাদের ভবিষ্যৎ বিকল্পও তৈরি হচ্ছে না। গণতন্ত্রের যে মৌলিকত্ব বা মৌলিক বিষয়গুলো থাকেÑ এ ধরনের নির্বাচনে সেগুলোও অনুপস্থিত। এভাবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে। এটি আমাদের সংবিধানের মূল স্পিরিটের সঙ্গে একেবারেই বেমানান।

নির্বাচনসহ স্থানীয় সরকারের সবকিছুই এখন নিয়ন্ত্রণ করে এমপি, মন্ত্রীরা। দেশ চলছে পার্লামেন্ট পদ্ধতিতে; কিন্তু দেশের ইনস্টিটিউটগুলো চলছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে। আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। স্থানীয় সরকার ব্যবস্থা পরিবর্তনের সুপারিশ অতীতে ছিল। কিন্তু তা আলোর মুখ দেখেনি। কোনো সরকারই সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। স্থানীয় সরকার ব্যবস্থায় অচিরেই পরিবর্তন আসা উচিত বলে মনে করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত