১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল প্রথম পর্যায়ে এবং ২৬ ও ২৭ জুলাই দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা জানিয়েছে।
এ বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন দেশ
রূপান্তরকে বলেন, ‘১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে পরীক্ষার সম্ভাব্য সময় উল্লেখ করা হলেও পরে নির্ধারিত দিন ও সময় ঠিক করা হয়েছে। ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রায় ১০ লাখ আবেদন জমা হয়েছে।’
তিনি জানান, আগামী ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২-এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগামী ২৭ জুলাই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে।
